‘প্রেজেন্টেশন অ্যান্ড বিয়ন্ড’: উপস্থাপনার দিনব্যাপী কর্মশালা শনিবার
প্রথম আলো বন্ধুসভা ও অল ব্রডকাস্টার্স কমিউনিটির (এবিসি) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপস্থাপনাবিষয়ক বিশেষ কর্মশালা। ‘প্রেজেন্টেশন অ্যান্ড বিয়ন্ড’ শিরোনামে আগামীকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী এই কর্মশালায় সারা দেশের নির্বাচিত তরুণেরা অংশ নেবেন। সকাল নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল আয়োজন শুরু হবে। অনুষ্ঠান শেষ হবে বিকেল সাড়ে পাঁচটায়। উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক, নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক ও সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি।
কর্মশালায় থাকছে নির্দিষ্ট বিষয়ে একাধিক সেশন। এতে আলোচক হিসেবে থাকছেন যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক দেবাশীষ রঞ্জন সরকার, বাংলাদেশ বেতারের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ফারজানা করিম এবং উপস্থাপক ও কমেন্টেটর ফয়সাল তিতুমীর।
থাকছে বিশেষ প্যানেল আলোচনা। আলোচক হিসেবে থাকবেন স্টার নিউজের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ, বাপকা বেটার প্রতিষ্ঠাতা শুভাশিস ভৌমিক, ক্রীড়া উপস্থাপক ফাহিম রহমান, যমুনা টিভির জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক মৌসুমী আহমেদ লোপা এবং সময় টিভির জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ও টক শো হোস্ট জাফর সাদিক। এই পর্ব মডারেট করবেন অল ব্রডকাস্টার্স কমিউনিটির (এবিসি) সভাপতি চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী।
সমাপনী পর্বে উপস্থিত থাকবেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীদের সামনে থাকছে সরাসরি শেখার ও নিজেদের দক্ষতা আরও ঝালিয়ে নেওয়ার সুযোগ।
এর আগে প্রায় ৩০০ মানুষের অংশগ্রহণে অনলাইনে মাসব্যাপী অনুষ্ঠিত হয় উপস্থাপনাবিষয়ক বিশেষ কর্মশালা। এতে নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারীরা যুক্ত হন। জুম অ্যাপের মাধ্যমে গত সেপ্টেম্বর মাসের চার বুধবার অনুষ্ঠিত হয় চারটি সেশন।
৯ সেপ্টেম্বর প্রথম সেশনে ছিল ‘সংবাদ উপস্থাপনা’ বিষয়। এতে প্রশিক্ষণ দেন স্টার নিউজের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ। ১৬ সেপ্টেম্বর দ্বিতীয় সেশনের বিষয় ছিল ‘ভ্লগিং ও উপস্থাপনা’। এতে প্রশিক্ষণ দেন বাপকা বেটার প্রতিষ্ঠাতা শুভাশিস ভৌমিক। ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত তৃতীয় সেশনে আলোচনার বিষয় ছিল ‘পডকাস্ট সঞ্চালনা’। প্রশিক্ষণ দেন স্ক্যান মিডিয়ার প্রতিষ্ঠাতা ও পডকাস্ট হোস্ট সামির আহমেদ। ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় কর্মশালার চতুর্থ ও শেষ সেশন। ‘সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা’ বিষয়ে এই পর্বে প্রশিক্ষক হিসেবে ছিলেন ক্রীড়া উপস্থাপক ফাহিম রহমান, যমুনা টিভির জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক মৌসুমী আহমেদ লোপা এবং উপস্থাপক ও অভিনয়শিল্পী মৌসুমী মৌ।