দিনাজপুর বন্ধুসভার পাঠচক্রে মোজাম্মেল বিশ্বাসের ‘শীতরোদে কাকদৃশ্য’

দিনাজপুর বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

মোজাম্মেল বিশ্বাসের কাব্যগ্রন্থ ‘শীতরোদে কাকদৃশ্য’ নিয়ে পাঠচক্রের আসর করেছে দিনাজপুর বন্ধুসভা। ৬ অক্টোবর বিকেলে প্রথম আলো দিনাজপুর অফিসে এই আসর বসে।

পাঠচক্রে কাব্যগ্রন্থের বিষয়বস্তু, কাব্যের নান্দনিকতা, করোনাকালের প্রেক্ষাপট, সামাজিক দুর্যোগ ও সংকট অতিক্রম করে মানবসমাজের এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, বিশ্বজুড়ে চলা মহামারি ও নানা জটিলতার মধ্যেও মানুষ কীভাবে সৃজনশীলতা, আত্মপ্রত্যয় ও প্রজ্ঞার মাধ্যমে ঘুরে দাঁড়ায়, তা বইটিতে কাব্যিক শৈলীতে ফুটে উঠেছে।

বন্ধুরা বইটির উল্লেখযোগ্য কয়েকটি কবিতা পাঠ করেন। পাশাপাশি কাব্যগ্রন্থটির সামাজিক ও মনস্তাত্ত্বিক দিক নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। সমসাময়িক সময়ে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং তরুণদের মধ্যে সাহিত্যচর্চা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।

দিনাজপুর বন্ধুসভার পাঠচক্রের আসর।

সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র রায় বলেন, ‘মোজাম্মেল বিশ্বাসের প্রতিটি বইয়ে জ্ঞান, চিন্তা ও জীবনবোধের গভীরতা রয়েছে। তাঁর লেখার মধ্য দিয়ে পাঠকের ভাবনার জগৎ আরও সমৃদ্ধ হয়। বিভিন্ন লেখকের বই পড়া ও তা নিয়ে আলোচনা করার মাধ্যমে জ্ঞান অর্জনের পাশাপাশি চিন্তার পরিধিও বাড়ে। এ জন্য বন্ধুদের মধ্যে পাঠাভ্যাস ও সাহিত্যচর্চা গড়ে তুলতে পাঠচক্রের বিকল্প নেই।’

এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ এম জাহিন নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক রাকিব সরকার, অর্থ সম্পাদক আরিয়ানা সাবা, প্রচার সম্পাদক আল আবিক, বন্ধু শাহরিয়ার কবির, সিহাবুর রহমান, সাব্বির হোসাইনসহ বন্ধুসভার অন্য বন্ধুরা।

বন্ধু, দিনাজপুর বন্ধুসভা