‘প্রতিষ্ঠার পর থেকে প্রথম আলো গণমানুষের মুখপত্র হয়ে উঠেছে’

দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বন্ধুসভার বন্ধুদের সাংস্কৃতিক পরিবেশনাছবি: বন্ধুসভা

বর্তমান সময় সামাজিক যোগাযোগমাধ্যমের যুগ। সারা দিন ফেসবুক-ইউটিউবে নানা তথ্য ও খবর পাই। কিন্তু দিনশেষে আবার প্রথম আলোতে চোখ বোলাই। কারণ, প্রথম আলোর সংবাদগুলো নিছক সংবাদ নয়, তথ্য–উপাত্তসমৃদ্ধ সংবাদ। ঘটনার পেছনের ঘটনা জানাতে তাদের জুড়ি নেই। প্রতিষ্ঠার পর থেকে প্রথম আলো গণমানুষের মুখপত্র হয়ে উঠেছে। আমরা হৃদয়ে ধারণ করেছি।

দিনাজপুরে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন অতিথিরা। ৮ নভেম্বর সকালে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে দিনাজপুর বন্ধুসভা।

বন্ধুসভার বন্ধু শবনম মুস্তারিন ও সুব্রত সরকারের সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউল ইসলাম। পরে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দিনাজপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক জলিল আহমেদ বলেন, ‘২৬ বছর ধরে প্রথম আলোর সঙ্গে আছি। এই বয়সেও প্রতিদিন পত্রিকাটির পাতা উল্টালে মনে হয় সারা দিনে কী যেন অসমাপ্ত থেকে গেল। সাম্প্রতিককালে যে গণঅভ্যুত্থান হলো—ইন্টারনেট বন্ধ, সামাজিক যোগাযোগমাধ্যমেও কিছু জানা যাচ্ছে না; তখনো প্রথম আলো একমাত্র ভরসার জায়গা ছিল।’

দিনাজপুরে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান
ছবি: বন্ধুসভা

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওয়াদুদ মণ্ডল বলেন, ‘একজন শিক্ষার্থী থেকে শুরু করে একজন গৃহিণী, সবার আস্থার জায়গা প্রথম আলো। খবরের পাশাপাশি শিক্ষার্থীদের মেধার বিকাশে নানা কর্মসূচি গ্রহণ করে থাকে তারা। প্রথমা প্রকাশনীর বইগুলো এই মুহূর্তে সবচেয়ে উপযোগী ও সুন্দর বইয়ের প্রকাশকও প্রথম আলো।’

ডায়াবেটিস বিশেষজ্ঞ ডিসি রায় বলেন, ‘প্রথম আলো এ যাবৎকালে যতগুলো স্লোগান দিয়েছে, তার প্রতিটিই বাস্তবসম্মত। এবারও যে স্লোগান তারা তুলেছে “জেগেছে বাংলাদেশ”—এটা বাস্তবে রূপ লাভ করবে। কারণ, প্রথম আলো শুধু খবর পরিবেশনই করে না, ভবিষ্যৎ পথও দেখায়। এ জন্যই শত বাধাবিপত্তি উপেক্ষা করে ২৬ বছর ধরে পত্রিকাটি দেশের প্রথম সারির গণমাধ্যম।’

দিনাজপুর জিলা স্কুলের শিক্ষক শাহজাহান সাজু বলেন, ‘প্রথম আলো সব সময় বিভিন্ন অসংগতি ও সমস্যার কথা তুলে ধরে। একইসঙ্গে তা সমাধানের রাস্তা দেখায়, যৌক্তিক সমালোচনা করে। পত্রিকাটির পাঠকদের একটা বড় অংশই হচ্ছে শিক্ষার্থী। তা ছাড়া নির্ভুল বাংলা বানান শেখার ক্ষেত্রে প্রথম আলো দারুণ সহায়ক।’

আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, দিনাজপুর সরকারি কলেজের শিক্ষক শরিফুল ইসলাম, সরকারি মহিলা কলেজের শিক্ষক নুরে আলম, জেলা কালচারাল অফিসার মীন আরা পারভীন, জেলা প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী, স্টেশন সুপার জিয়াউর রহমান, সদর রেঞ্জের বন কর্মকর্তা আবদুল মান্নান, আইনজীবী ইন্দ্রজিৎ কুমার, তাপস পাল, সাংবাদিক মোরশেদুল ইসলাম, একরাম তালুকদার, মোফাচ্ছিরুল রাশেদ, ফখরুল ইসলাম ও প্রথম আলোর আঞ্চলিক ব্যবস্থাপক ইমরান আলী।

আলোচনার ফাঁকে ফাঁকে ছিল বন্ধুসভার বন্ধুদের সাংস্কৃতিক পরিবেশনা। বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন মুনিরা শাহনাজ চৌধুরী, শুভ রায়, সাব্বির হোসেন, সুদর্শন অধিকারী, বেলালুর রহমান, বিরষ রায়, সজীব আহমেদ, ইশান কর্মকার, বিথী, মলি, শুভজিত, বিপ্লব, জাহিন, বিধান প্রমুখ।