রংপুর বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের মতবিনিময়

রংপুর বন্ধুসভার বন্ধুদের সঙ্গে জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক ও সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ছবি: বন্ধুসভা

রংপুর বন্ধুসভার বন্ধুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক ও সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি। ২৩ অক্টোবর বিকেলে প্রথম আলো রংপুর অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শুরুতে পরিচয়পর্ব ও কুশল বিনিময় হয়। পরে জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি বন্ধুদের কাছে জানতে চান, তাঁরা কেন বন্ধুসভার সঙ্গে যুক্ত হয়েছেন এবং বন্ধুসভা করার পেছনে তাঁদের অনুপ্রেরণা কী।

বন্ধু মাহরুফা জান্নাত বলেন, ছোটবেলা থেকেই তাঁর সামাজিক কাজের প্রতি আগ্রহ রয়েছে। সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা থেকেই বন্ধুসভায় যোগ দিয়েছেন।

সৌরভ চন্দ্র বর্মণ বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি তাঁর আগ্রহ রয়েছে। বন্ধুসভা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে বলে এ সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন।

বন্ধু সাওয়াদ শাহরিয়ার বলেন, তাঁর পাঠচক্রের প্রতি আগ্রহ রয়েছে। বন্ধুসভার পাঠচক্র কার্যক্রম তাঁকে এ সংগঠনের সঙ্গে যুক্ত হতে অনুপ্রাণিত করেছে।

সোহাগ দাস বলেন, আয়োজন ও ব্যবস্থাপনাসংক্রান্ত কাজের প্রতি তাঁর আগ্রহ রয়েছে। এ ধরনের কাজ করার সুযোগ থাকায় বন্ধুসভার সঙ্গে যুক্ত হয়েছেন।

বন্ধু মামুন বলেন, রংপুর বন্ধুসভার উদ্যোগে তাঁর এলাকায় শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছিল। সেই উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়েই তিনি পরবর্তী সময়ে বন্ধুসভার সঙ্গে যুক্ত হন।

রংপুর বন্ধুসভার প্রতিষ্ঠাকাল থেকে যুক্ত থাকা শিমু বলেন, তরুণদের উদ্যম ও ভালো কাজ করার মানসিকতা তাঁকে বন্ধুসভার সঙ্গে থাকতে অনুপ্রাণিত করে। এখানে যুক্ত থাকলে তিনি তরুণদের সেই উদ্যম নতুন করে অনুভব করতে পারেন।

রংপুর বন্ধুসভার বন্ধুদের সঙ্গে জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক ও সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়।

বন্ধুদের বক্তব্য শোনার পর সাইমুম মৌসুমী বৃষ্টি বলেন, ‘বন্ধুরাই বন্ধুসভার প্রাণ। তাঁদের অংশগ্রহণ ও উদ্যোগের কারণেই সংগঠনটি এগিয়ে যাচ্ছে। বন্ধুসভায় বিতর্ক, পাঠচক্র, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক কাজসহ নানা ধরনের কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এ বৈচিত্র্যই বন্ধুসভাকে অন্যান্য সংগঠন থেকে আলাদা করেছে।’

সভায় রংপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সাম্প্রতিক সময়ে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরিতে পরিচালিত ‘আলোর পাঠশালা’সহ সামাজিক ও পরিবেশগত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। এ সময় জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে বন্ধুসভার কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সভায় ভিডিও কলে যুক্ত হন জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক। তিনি আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘এসো মিলি জলধারায়’ কর্মসূচিতে রংপুর বিভাগের বন্ধুদের সর্বোচ্চ উপস্থিতি প্রত্যাশা করেন। এ কর্মসূচি দেশের বিভিন্ন অঞ্চলের বন্ধুদের মিলনমেলায় পরিণত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রংপুর বন্ধুসভার বন্ধুদের সঙ্গে জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক ও সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়।

প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা অনলাইনে যুক্ত হয়ে রংপুর বন্ধুসভার ‘আলোর পাঠশালা’ কার্যক্রম সম্পর্কে অবগত থাকার কথা জানান। তিনি বলেন, আগামী নভেম্বরে পাঠশালাটি পরিদর্শনের চেষ্টা করা হবে। পরিদর্শনের পর পাঠশালাটির কার্যক্রম স্থায়ীভাবে পরিচালনার উপযুক্ত উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা করা হবে।

আলোর পাঠশালার পাশে থাকার আশ্বাস দিয়ে জাফর সাদিক বলেন, ‘পাঠশালাটিকে প্রতিষ্ঠিত করতে সবাই মিলে কাজ করতে হবে। এ উদ্যোগ এগিয়ে নিতে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করা হবে।’ প্রথম আলো ট্রাস্টের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে দাতা সংগ্রহের চেষ্টা করবেন বলেও তিনি আশ্বাস দেন।

প্রথম আলোর রংপুরের নিজস্ব সংবাদদাতা আলতাফ হোসেন বলেন, ভালো কাজের সঙ্গে সবাইকে থাকতে হবে। সমাজের ইতিবাচক পরিবর্তনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মতবিনিময় সভায় রংপুর বন্ধুসভার বন্ধুরা তাঁদের অভিজ্ঞতা, সংগঠনের প্রতি ভালোবাসা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ‘আলোর পাঠশালা’কে আরও এগিয়ে নেওয়া এবং সামাজিক ও পরিবেশগত কর্মকাণ্ড জোরদার করার প্রত্যয় নিয়ে সভা শেষ হয়।

সাধারণ সম্পাদক, রংপুর বন্ধুসভা