খুলনা বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রে ‘বাউন্ডেলের আত্মকাহিনী’
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ছোটগল্প ‘বাউন্ডেলের আত্মকাহিনী’ নিয়ে ভার্চ্যুয়ালি পাঠচক্রের আসর করেছে খুলনা বন্ধুসভা। ৭ আগস্ট রাত সাড়ে ৯টায় গুগল মিটে এটি অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক ফারজানা যুথির সঞ্চালনায় শুরুতেই গল্পটি নিয়ে আলোচনা করেন বন্ধুরা। ‘বাউন্ডেলের আত্মকাহিনী’ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত ছোটগল্প। এটি ১৯১৯ সালে সওগাত পত্রিকায় প্রকাশিত হয় এবং এর মাধ্যমেই তাঁর সাহিত্যজীবনের সূচনা ঘটে। গল্পটিতে একজন বাউন্ডেলে বা ভবঘুরে মানুষের জীবন, তার স্বাধীনচেতা মনোভাব, দুঃখ-কষ্ট ও জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে।
গল্পটির মূল বক্তব্য হলো প্রত্যেক মানুষের জীবন ও মর্যাদার মূল্য আছে। ‘বাউন্ডেলের আত্মকাহিনী’ কাজী নজরুল ইসলামের মানবতাবাদী ও স্বাধীনচেতা চিন্তার পরিচয় বহন করে। এটি নজরুলের সাহিত্যজীবনের সূচনাকারী রচনা।
বন্ধু আল কাফি মৃদুল বলেন, নজরুলের ‘বাউন্ডুলের আত্মকাহিনী’ হলো পল্টনের এক বখাটে বা বাউন্ডুলে যুবকের দুঃখের গল্প। সে ভালোবাসার মানুষকে হারিয়ে একেবারে ভেঙে পড়ে এবং ভবঘুরে জীবন বেছে নেয়। একদিন নেশার ঝোঁকে সে লেখকের কাছে তার জীবনের সব কষ্ট খুলে বলে। এরপর পল্টনে যোগ দিয়ে সে যখন বোগদাদে যায়, সেখানেই তার করুণ মৃত্যু হয়।
পাঠচক্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণদিবস উপলক্ষে কবিগুরুকে স্মরণ করা হয়।
বন্ধু অনির্বাণ সরকার বলেন, ‘রবীন্দ্রনাথ আমাদের কাছে শুধু একজন কবি নন, তিনি বাঙালির চিন্তা, চেতনা ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। সময় বদলালেও রবীন্দ্রনাথের সৃষ্টি আমাদের হৃদয়ে চিরকাল নতুন ও প্রাসঙ্গিক হয়ে থাকবে।’
সভাপতি স্বর্ণকমল রায় বলেন, ‘বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের পাঠচক্রগুলোকে সামনের দিনে আরও সমৃদ্ধ করবে।’ এ সময় কবিগুরুকে শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি।
পাঠচক্র শেষে আসন্ন প্রীতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় আরও যুক্ত ছিলেন সহসভাপতি দীপু রায়, উপদেষ্টা আসফিক আহমেদ সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক এম এম মাসুম বিল্যাহ, সাংগঠনিক সম্পাদক তুহিন বাওলিয়া, অর্থ সম্পাদক অনির্বাণ সরকার, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৌরভ ঘোষ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ মণ্ডল, সাংস্কৃতিক সম্পাদক অলোক বৈদ্য, কার্যনির্বাহী সদস্য ফারিয়া ঝিলাম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক হাসিবুর রহমান, বন্ধু লিমা আক্তার, সুদীপ্ত রায়, আবু হানিফাসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা