মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকার

‘ডিজিটাল গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা’ শিরোনামে খুলনা বন্ধুসভার প্রশিক্ষণ কর্মশালাছবি: অনির্বাণ সরকার

মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকারের সুরক্ষা বিষয়ে তরুণ প্রজন্মকে সচেতন ও সক্ষম করে তুলতে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে খুলনা বন্ধুসভা। ‘ডিজিটাল গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা’ শিরোনামে ২৪ মে নগরীর সিএসএস আভা সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে তরুণ অংশগ্রহণকারীরা মতপ্রকাশের স্বাধীনতা, অপতথ্য প্রচার থেকে বিরত থাকা, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন। তাঁরা বিভিন্ন সেশন ও দলগত কাজের মধ্য দিয়ে নাগরিক অধিকার, সর্বজনীন মানবাধিকার সনদ, নাগরিক ও রাজনৈতিক অধিকার, স্বাধীনতা এবং ডিজিটাল পরিসরে মতপ্রকাশের নিরাপত্তা বিষয়ে বাস্তবিক জ্ঞান অর্জন করেন।

দলগত কাজের মধ্য দিয়ে শিখেন অংশগ্রহণকারীরা
ছবি: অনির্বাণ সরকার

প্রশিক্ষক হিসেবে ছিলেন স্থানীয় বেসরকারি সংস্থা বাদাবন সংঘের প্রশিক্ষিত ট্রেইনার ফারজানা যূথী ও ফারুক খান। তাঁরা আশা প্রকাশ করেন, কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান অংশগ্রহণকারী তরুণ প্রজন্মের ছড়িয়ে দেবে।

দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণ করেন খুলনা বন্ধুসভার ৩০ জন বন্ধু। মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক সৌরভ ঘোষ বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তরুণদের দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, অপতথ্য ও ঘৃণামূলক বক্তব্য থেকে বিরত থাকা এবং মানবাধিকার ও নাগরিক অধিকারের বিষয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি।’

কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা
ছবি: অনির্বাণ সরকার

যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমাতুল্লাহ বলেন, ‘এ ধরনের প্রশিক্ষণ তরুণদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আল রাইসা, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত গাইন, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক হাসিবুর রহমান, অর্থ সম্পাদক অনির্বাণ সরকার, বন্ধু সালাউদ্দীন সাবাদ, ছায়িদুল সরদার, জাহিদুর রহমান, তন্দ্রা দাস, জান্নাতারা জান্নাত, আনিকা হোসেন, আয়েশা আক্তার, সুদীপ্ত রায়, সকাল মজুমদার, লামিয়া আক্তারসহ অনেকে।
আয়োজন সহযোগী হিসেবে ছিল বাদাবন সংঘ।

সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা