কবি জীবনানন্দ দাশের ‘সুরঞ্জনা বনলতা সেন’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে ময়মনসিংহ বন্ধুসভা। ৪ ফেব্রুয়ারি প্রথম আলো ময়মনসিংহ অফিসে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে বইটি নিয়ে আলোচনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আল ইমরান। স্বাগত বক্তব্য দেন সভাপতি মেহেদী হাসান।
বই আলোচনায় আল ইমরান বলেন, ‘সুরঞ্জনা বনলতা সেন’ কবি জীবনানন্দ দাশ রচিত বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক কাব্য সংকলন। কবি জন্মগ্রহণ করেন ১৮৯৯ সালে এবং মৃত্যুবরণ করেন ১৯৫৪ সালে। এই সংক্ষিপ্ত জীবনে তিনি অসংখ্য উপন্যাস, ছোটগল্প ও কবিতা রচনা করেন। কবিতায় তিনি ফুটিয়ে তুলেছেন প্রেম, প্রকৃতি, ইতিহাস, মানুষের নিঃসঙ্গতা, সময় ও বেদনার অনুভূতি। এ জন্য তিনি রূপসী বাংলার কবি হিসেবেও পরিচিত।
অন্নদাশঙ্কর রায় কবি জীবনানন্দ দাশকে ‘শুদ্ধতম কবি’ বলে অভিহিত করেছেন। বুদ্ধদেব বসু তাঁকে ‘নির্জনতম কবি’ বলে অভিহিত করেছেন। আবার তাঁকে বাংলা সাহিত্যের আধুনিকতম কবি বলেও আখ্যায়িত করা হয়।
কার্যনির্বাহী কমিটির সদস্য সাদমান হোসেন বলেন, ‘এই কবিতার প্রধান উপজীব্য বিষয় হচ্ছে গ্রামবাংলার রূপ–বৈচিত্র্য। আমাদের বেশি বেশি কবিতা পাঠ করতে হবে। কবিতা পাঠ করলে আমাদের অনুভূতি ও সৃজনশীলতা বাড়বে এবং চিন্তাশক্তি আরও শক্তিশালী হবে।’