মাদারীপুরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা

নৃত্য পরিবেশনাছবি: প্রথম আলো

উৎসবমুখর পরিবেশে মাদারীপুরে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৯ নভেম্বর সন্ধ্যায় জেলার সমন্বিত সরকারি অফিস ভবনের অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মাদারীপুর বন্ধুসভা।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু অনুষ্ঠানে মাদারীপুর বন্ধুসভার সদস্যদের পাশাপাশি জেলার সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে অনুষ্ঠানে অংশ নেন শিক্ষক, চিকিৎসক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মাদারীপুর বন্ধুসভার সভাপতি আঞ্জুমান জুলিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর মাদারীপুর প্রতিনিধি অজয় কুন্ডু। এ ছাড়া সাংস্কৃতিক পরিবেশনার ফাঁকে ফাঁকে প্রথম আলোর পথচলা নিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও বন্ধুসভার উপদেষ্টা অখিল সরকার, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জন মোহাম্মদ সোহেল-উজ্জামান রাসেল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মাদারীপুর কার্যালয়ের এরিয়া কো-অর্ডিনেটর মো. এনায়েতুল্লাহ, প্রথম আলোর এজেন্ট ওমর আলী শিকদার, মাদারীপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক এইচ এম হাবিবুর রহমান ও তরুণ উদ্যোক্তা আল শাহরিয়াত করিম।

গান পরিবেশনা
ছবি: প্রথম আলো

দীর্ঘ ২৮ বছর ধরে প্রথম আলোর সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তুলে ধরে পত্রিকাটির মাদারীপুরের এজেন্ট ওমর আলী শিকদার বলেন, ‘প্রথম আলো আমাদের কাছে একটি আবেগের জায়গা। অনেক পত্রিকা এসেছে, আবার হারিয়েও গেছে। কিন্তু প্রথম আলো প্রথম স্থানেই থেকে গেছে। প্রথম আলো কখনো মিথ্যার আশ্রয় নেয় না। কোনো লেখায় ভুল হলে পরদিন সংশোধনী দিয়ে ক্ষমা চায়।’ এ সময় তিনি তরুণদের নিয়মিত পত্রিকা বাসায় রেখে পড়ার অনুরোধ জানান।

প্রথম আলোর প্রতি অকৃত্রিম ভালোবাসা নিয়ে পাশে থাকার কথা জানান টিআইবির মাদারীপুর কার্যালয়ের এরিয়া কো-অর্ডিনেটর মো. এনায়েতুল্লাহ। তিনি বলেন, ‘বর্তমান সময়ে মানুষের কথা তুলে ধরা, প্রযুক্তিগত তথ্যের প্রচার ও সাংস্কৃতিক বিকাশসহ নানা ক্ষেত্রে প্রথম আলো সবার থেকে আলাদা। পত্রিকাটির সঙ্গে অকৃত্রিম ভালোবাসা নিয়ে আমরা আছি। সত্য প্রচারে যুগ যুগ ধরে এভাবেই এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।’

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান
ছবি: প্রথম আলো

শুভেচ্ছা জানিয়ে চিকিৎসক মোহাম্মদ সোহেল-উজ্জামান রাসেল বলেন, ‘যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো। প্রথম আলোর ২৮ বছরের পথচলা আরও সমৃদ্ধ হোক। সত্য, সাহস ও মানুষের পক্ষে কথা বলার প্রত্যয়ে এগিয়ে যাক। ছোটবেলা থেকে একটা কথা আমি বিশ্বাস করি, সেটা হলো যেতে হবে বহুদূর। প্রথম আলো আরও বহুদূর এগিয়ে যাক, এই কামনাই করি।’

প্রথম আলোর ‘স্যরি’ ক্যাম্পেইনের প্রশংসা করেন চিকিৎসক অখিল সরকার। তিনি বলেন, ‘অটল ২৮ বছরের পথচলায় প্রথম আলো প্রতিবছর একটি চমকপ্রদ শব্দ বা স্লোগান নিয়ে হাজির হয়। এবার যেমন “স্যরি”। বিশেষ প্রচারণাটির প্রতিটি কথা কয়েক দফা পড়েছি। এর ভেতরে অনেক গভীর কথা লুকিয়ে থাকে। প্রথম আলো তার এই ব্যতিক্রমী ধারা ধরে রাখুক, এটাই আমাদের প্রত্যাশা।’