নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন ক্লাস চালু রাখায় শিক্ষার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করছিল। এ প্রেক্ষাপটে পাঠাভ্যাস বৃদ্ধি, মানবিক মূল্যবোধ চর্চা এবং ঐতিহাসিক ব্যক্তিত্বের জীবন থেকে অনুপ্রেরণা গ্রহণের লক্ষ্যে ড্যাফোডিল বন্ধুসভা ভার্চ্যুয়াল পাঠচক্রের আয়োজন করে।
১০ ফেব্রুয়ারি রাত ৯টায় গুগল মিট অ্যাপে অনুষ্ঠিত পাঠচক্রের বিষয় ছিল দক্ষিণ আফ্রিকার সাবেক রাষ্ট্রপতি ও বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী ‘লং ওয়াক টু ফ্রিডম’।
স্বাগত বক্তব্যে সভাপতি মুসাভভির সাকির অংশগ্রহণকারীদের কাছে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে তাঁদের পূর্বধারণা ও পাঠানুভূতি জানতে চান। এ পর্যায়ে একজন বন্ধু ম্যান্ডেলার জীবন, রাজনৈতিক সংগ্রাম ও বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা উপস্থাপন করেন।
পরবর্তীকালে সভাপতি তাঁর বক্তব্যে নেলসন ম্যান্ডেলার দীর্ঘ সংগ্রামী জীবন, আত্মত্যাগ ও মানবমুক্তির দর্শন তুলে ধরে বলেন, ‘লং ওয়াক টু ফ্রিডম’ শুধু একটি আত্মজীবনী নয়; এটি অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে অবিচল থাকার এক শক্তিশালী প্রেরণার দলিল। তাঁর বক্তব্যে বর্তমান সময়ের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে বইটির প্রাসঙ্গিকতাও উঠে আসে।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জেবা আনিকা বইটি থেকে নির্বাচিত কিছু গুরুত্বপূর্ণ অংশ পাঠ করেন। পাঠিত অংশগুলোতে ম্যান্ডেলার দীর্ঘ কারাবাস, রাজনৈতিক দমন-পীড়নের অভিজ্ঞতা এবং বর্ণবৈষম্যের বিরুদ্ধে তাঁর আপসহীন সংগ্রামের বাস্তব চিত্র স্পষ্টভাবে ফুটে ওঠে। পাঠ শেষে অংশগ্রহণকারীরা বইটির বিষয়বস্তু, শিক্ষা ও সমকালীন তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
পাঠচক্রে উপস্থিত ছিলেন বন্ধু রিজভী আমিন, আবিদুর রহমান, মোস্তফা মাহফুজ, মোহাম্মদ নাঈম, রিফাতুল ইসলাম, আল রুবায়েত, মরিয়ম খাতুন, ফারহান শাহরিয়ারসহ আরও অনেকে।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ড্যাফোডিল বন্ধুসভা