একটি গাছের চারা রোপণ মানেই সবুজ পৃথিবীর দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়া। সেই বিশ্বাসকে ধারণ করেই জাতীয় পরিচালনা পর্ষদের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬। এবারের প্রতিপাদ্য ‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’।
কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ২১টি হল সংসদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও সামাজিক সংস্থার প্রতিনিধিদের মধ্যে মোট ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়। যার মধ্যে ছিল আম, বকুল, নিম ও পেয়ারাগাছের চারা। পরে জাবি বন্ধুসভার বন্ধু ও প্রতিনিধিরা নিজ নিজ হল-সংলগ্ন বাগান, ক্যাম্পাসের উন্মুক্ত স্থান এবং বিভিন্ন উপযোগী এলাকায় এসব চারা রোপণ করেন।
কর্মসূচি বাস্তবায়নে সমন্বয়কের দায়িত্ব পালন করেন পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ইসরাত জাহান চৌধুরি। বিতরণে ছিলেন প্রচার সম্পাদক অরুণিমা পাল, সভাপতি সৈয়দ সালমান হাসান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সিফাত আরেফিন ও অর্থ সম্পাদক পারভেজ মোশাররফ।
পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ইসরাত জাহান চৌধুরি বলেন, বৃক্ষরোপণ কেবল পরিবেশ রক্ষার প্রতীকী উদ্যোগ নয়; রোপণের পর প্রতিটি চারার পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যেই সব হল সংসদ ও রসায়ন শিক্ষার্থী সংসদ, জাবি স্পোর্টস ক্লাব, গ্রীন ক্রিসেন্ট, লিও+১ ক্লাবসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাতটির বেশি শিক্ষার্থী সংগঠনের প্রতিনিধিদের হাতে ৪৭২টি চারা গাছ তুলে দেওয়া হয়েছে।
সবুজ, টেকসই ও পরিবেশবান্ধব একটি ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথি ও সদস্যরা। বৃক্ষ শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ারও অন্যতম ভিত্তি।
প্রচার সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা