মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ আয়োজন করেছে প্রথম আলো রাঙামাটি বন্ধুসভা। আজ সোমবার রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি উচ্চবিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
অলিম্পিয়াডের কুইজ প্রতিযোগিতায় সাপছড়ি উচ্চবিদ্যালয়ের সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির মোট ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নের মাধ্যমে নিজেদের জ্ঞান যাচাইয়ের সুযোগ পায়। প্রতিযোগিতা শেষে সেরা পাঁচ শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধভিত্তিক বই প্রদান করা হয়।
রাঙামাটি বন্ধুসভার সভাপতি আপন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাপছড়ি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরভিল দেওয়ান। তিনি তাঁর বক্তব্যে মহান স্বাধীনতাযুদ্ধের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মধ্যে এমন জ্ঞানভিত্তিক আয়োজন করার জন্য রাঙামাটি বন্ধুসভাকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ জানান।
স্বাগত বক্তব্যে প্রথম আলো রাঙামাটি প্রতিনিধি মিকেল চাকমা মুক্তিযুদ্ধকালীন রাঙামাটি ১ নম্বর সেক্টরের তাৎপর্য তুলে ধরেন। মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে শিক্ষার্থীদের বই পড়ার আহ্বান জানান।
কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী আলী হোসেন, দ্বিতীয় একই শ্রেণির লিপিকা চাকমা, তৃতীয় সপ্তম শ্রেণির পিংকি বড়ুয়া, চতুর্থ অষ্টম শ্রেণির রুমানা আক্তার এবং পঞ্চম হয়েছে নবম শ্রেণির শিক্ষার্থী নিশি আক্তার।
এ সময় প্রথম আলোর সিনিয়র আলোকচিত্রী সুপ্রিয় চাকমা, বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক কমলাধন চাকমা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক শান্তনা চাকমা, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মানসি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।