বাঙালির ঐতিহ্য ও সাংস্কৃতিক আবহে নোবিপ্রবি বন্ধুসভার বর্ষবরণ
বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে নোবিপ্রবি বন্ধুসভা আয়োজন করেছে এক বর্ণিল ও আনন্দঘন অনুষ্ঠান। ১৪ এপ্রিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই উৎসব অনুষ্ঠিত হয়।
পুরোনো বছরের সব ক্লান্তি, দুঃখ ও গ্লানি ভুলে নতুন বছরকে নতুন আশা, উদ্দীপনা ও ভালোবাসা দিয়ে স্বাগত জানাতে আয়োজনে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে গ্রামীণ বাংলার আবহ ফুটিয়ে তোলা হয়। পরিবেশন করা হয় পান্তাভাত, মাছ ভাজি, আলু ভর্তা, আমডাল, মিষ্টি ও কেক।
এ ছাড়া দিনব্যাপী ছিল গল্প-আড্ডা, আনন্দঘন মুহূর্ত ও বন্ধুত্বের উষ্ণতা। সাধারণ সম্পাদক সানজিদ মুনতাসীর বলেন, ‘এ ধরনের আয়োজন বন্ধুসভার সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক রেহেনা আক্তার, প্রচার সম্পাদক ফজল হোসেন, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক শারমিন আক্তারসহ বন্ধুসভার অন্তত ২৫ জন সদস্য। শেষে কেক কেটে বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
সহসভাপতি, নোবিপ্রবি বন্ধুসভা