ঈদের আনন্দের সঙ্গে মানবিকতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে হাবিপ্রবি বন্ধুসভা। এর অংশ হিসেবে সম্প্রতি বন্ধুরা ঈদের ছুটিতে বাড়ি গেলে সেখানে নিজ নিজ জেলায় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদের নতুন পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।
বন্ধুরা জানান, ঈদ সামনে রেখে এসব সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও প্রয়োজনীয় উপহারসামগ্রী। এগুলো উপহার দেওয়ার মাধ্যমে অসচ্ছল পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় থাকা হাবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে এই কার্যক্রম সম্পন্ন করেন।
বন্ধুসভার এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল সমাজে সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া।
সাধারণ সম্পাদক, হাবিপ্রবি বন্ধুসভা