দেশ ও মাটির গল্পে চট্টগ্রামে বন্ধুসভার স্বাধীনতা দিবস উদ্যাপন
সবুজে ঘেরা পরিবেশে মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস আর বীরত্বগাথার গল্পে মেতে ওঠেন একদল তরুণ। প্রতিবারের মতো এবারও নতুনত্বকে সঙ্গী করে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন করেছে চট্টগ্রাম বন্ধুসভা। ২৬ মার্চ নগরীর আমবাগান এলাকার শহীদ ওয়াসিম আকরাম পার্কের মনোরম পরিবেশে আয়োজন করা হয় বিশেষ এ অনুষ্ঠান।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শুরু হয় দেশ ও মাটির গল্প। মহান স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন বাঁক নিয়ে আলোচনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। অপারেশন সার্চলাইট থেকে শুরু করে অপারেশন জ্যাকপটসহ মুক্তিযুদ্ধের নানা ঐতিহাসিক প্রেক্ষাপট আড্ডাচ্ছলে উঠে আসে তাঁর বক্তব্যে। বন্ধুদের নানা কৌতূহলী প্রশ্নের উত্তরও দেন তিনি।
আলাপচারিতার ফাঁকে সমবেত কণ্ঠে বন্ধুরা গেয়ে ওঠেন—‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’। গানের সুর আর কথার মূর্ছনায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কবি নির্মলেন্দু গুণের কালজয়ী কবিতা ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ আবৃত্তি করে শোনান মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আফিফ ইব্রাহীম।
শৈশবের স্বাধীনতা দিবস উদ্যাপনের স্মৃতিচারণা করেন সাধারণ সম্পাদক ইরফাতুর রহমান। তাঁর সঙ্গে সুর মিলিয়ে বন্ধুরা মেতে ওঠেন উদ্যাপনের ‘একাল-সেকাল’ নিয়ে প্রাণবন্ত আড্ডায়। সবশেষে ‘এক নদী রক্ত পেরিয়ে’ গানটি গাওয়ার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
পুরো আয়োজনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন আফিফ ইব্রাহীম। আরও উপস্থিত ছিলেন সহসভাপতি ইব্রাহিম তানভীর, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক জয় চক্রবর্তী, বন্ধু দেবমিতা নন্দী, দেবশ্রী নন্দী, সোলায়মান কবীর, মিশেল বড়ুয়া, অনন্য নাথ ও সৌভিক সাহা।
মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা