‘তরুণ লেখকদের এখন অনেক সম্ভাবনা। আমাদের ছোটবেলায় এত সম্ভাবনা ছিল না। তরুণদের অবশ্যই লিখতে হবে। লিখতে হলে প্রচুর পড়তে হবে। অনেকেই আসলে খুব কম পড়ে লেখা শুরু করে। এ ক্ষেত্রে লেখা মানসম্মত হয় না।’
অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে প্রথম আলো বন্ধুসভার বিশেষ লাইভ ‘বন্ধুর বই’ অনুষ্ঠানের তৃতীয় মৌসুমের দ্বিতীয় পর্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে কথাগুলো বলেন কবি, লেখক ও সাংবাদিক আশফাকুজ্জামান। তিনি বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই পর্বে সঞ্চালক হিসেবে ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম।
বিশ্বখ্যাত মুঠোফোন ব্র্যান্ড অনারের সৌজন্যে ‘বন্ধুর বই’ লাইভে যুক্ত হয়ে তরুণ লেখকদের উদ্দেশে আশফাকুজ্জামান বলেন, ‘এখন ফেসবুক আছে। এটা গণমাধ্যমের মতো। তরুণেরা একটা কবিতা বা গল্প লিখে যদি ফেসবুকে পোস্ট করে, তখন অনেকেই লেখাটা দেখে, পড়ে বা কমেন্টে ভালো–মন্দ লিখে। এভাবে ধীরে ধীরে একসময় লেখা মানসম্মত হলে তারপর কোনো একটা ভালো প্রকাশক দিয়ে, ভালোভাবে প্রুফ দেখিয়ে বই আকারে প্রকাশ করতে পারে। তখন বইটা ভালো হতে বাধ্য। আর বই লেখার ক্ষেত্রে প্রথম শর্ত হলো, অনেক ভাবা। বইটা লিখেই প্রকাশ না করা।’
২৬ ফেব্রুয়ারি শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৬। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৫ মার্চ পর্যন্ত এ মেলা চলবে। একই দিনে শুরু হয়েছে অনারের সৌজন্যে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে প্রথম আলো বন্ধুসভার বিশেষ লাইভ ‘বন্ধুর বই’ অনুষ্ঠানের তৃতীয় মৌসুম। দ্বিতীয় পর্বে কারিগরি সহায়তায় ছিলেন বন্ধুসভার ডিজিটাল কনটেন্ট সহযোগী তাহসিন আহমেদ, লাইভ সমন্বয় করেন জাতীয় পরিচালনা পর্ষদের অর্থ সম্পাদক শাকিব হাসান। সমন্বয়ক হিসেবে কাজ করছেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের বইমেলা ও ম্যাগাজিন সম্পাদক সৌমেন্দ্র গোস্বামী।
বন্ধুসভার যে বন্ধুর বই প্রকাশিত হয়েছে, হচ্ছে বা হবে তাঁদের বই সম্পর্কে আলোচনা ও প্রচারণার লক্ষ্যে বন্ধুসভার ফেসবুক পেজ থেকে মেলা চলাকালে প্রতিদিন সংশ্লিষ্ট বন্ধুকে নিয়ে লাইভ অনুষ্ঠান হচ্ছে। এ ছাড়া বন্ধুসভার ওয়েবসাইটে মাসব্যাপী প্রতিটি বইয়ের রিভিউ ও সংবাদ প্রকাশ করা হবে।
বন্ধুদের লেখালেখি ও বই প্রকাশকে উৎসাহিত করার জন্যই বন্ধুসভার এ আয়োজন। তাই অনতিবিলম্বে সারা দেশের যে বন্ধুদের বই প্রকাশিত হয়েছে বা হচ্ছে, তার তথ্য পাঠানোর পাশাপাশি বই নিয়ে সংবাদ বা পর্যালোচনা আহ্বান করা হচ্ছে।
সংবাদ বা পর্যালোচনা পাঠান: [email protected]
বইয়ের সব তথ্য দিয়ে লিঙ্কে ক্লিক করে গুগল ফরমটিও পূরণ করুন।