প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ নিয়ে পাঠচক্রের আসর করেছে ময়মনসিংহ বন্ধুসভা। ৭ জুন বিকেলে প্রথম আলো ময়মনসিংহ অফিসে এটি অনুষ্ঠিত হয়।
‘যে জলে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৬ সালে। আমৃত্যু কবি হেলাল হাফিজ অবিবাহিত ও নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন। কৈশোরের প্রেমিকা হেলেনকে ভালোবেসে তিনি আর কখনো বিয়ে করেননি। এই প্রেম ও বিরহ তাঁর বিখ্যাত অনেক কবিতার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তিনি লিখেছেন—
‘ইচ্ছে ছিল রাজা হবো
তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো,
আজ দেখি রাজ্য আছে
রাজা আছে
ইচ্ছে আছে,
শুধু তুমি অন্য ঘরে।’
কবির প্রেম ও দ্রোহের অপূর্ব সংমিশ্রণে লেখা কবিতাগুলো বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। বইটি থেকে কবিতা আবৃত্তি করেন কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ খালিদ হাসান। সভাপতি মেহেদী হাসান বইটি সম্পর্কে গঠনমূলক আলোচনা করেন।
পাঠচক্রটি সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আল ইমরান। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধু রিয়াজুল ইসলাম।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা