সিলেট বন্ধুসভার পাঠচক্রে ‘দৃষ্টিপাত’ নিয়ে আলোচনা

সিলেট বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

যাযাবর রচিত ‘দৃষ্টিপাত’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে সিলেট বন্ধুসভা। ২৫ সেপ্টেম্বর প্রথম আলো সিলেট অফিসের বন্ধুসভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

যাযাবর লেখকের ছদ্মনাম। আসল নাম বিনয় মুখোপাধ্যায়। লেখক ১৯০৮ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেন ঢাকায়। পরবর্তী সময়ে তিনি ভারতে যান। সেখানেই পরবর্তী জীবন অতিবাহিত করেন। ২০০২ সালের ২২ অক্টোবর দিল্লিতে এই বিখ্যাত সাহিত্যিক প্রয়াত হন।

‘দৃষ্টিপাত’ বইটি লেখার সময় লেখক অনুপ্রেরণা নিয়েছেন পৃথিবীতে চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে। সাংবাদিক হওয়ার কারণে তৎকালীন রাজনীতি, দেশের অবস্থা—সবকিছুই হয়ে উঠেছিল এই বই লেখার নিয়ামক। লেখক নিজে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডনের বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। বিষয়টি তাঁকে বইটি লেখার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগায়।

বন্ধু অম্লান রায় বলেন, ‘দৃষ্টিপাত’ বইটি তৎকালীন দিল্লীর রাজনৈতিক অবস্থার ওপর দৃষ্টিপাত করার কথা বোঝানোর জন্য লেখক এই নামকরণ করেছেন।

বন্ধু নয়ন হাজরা পাঠ পরিচিতিতে বলেন, ‘মূলত একজন বিলেতফেরত বাঙালি সাংবাদিক দিল্লিতে আসেন ক্রিপস মিশনের সংবাদ নেওয়ার জন্য। তিনি তখন যেমন দিল্লির কুতুব মিনার, লালকেল্লা দেখেছেন, তেমনি বুঝেছেন এ শহরের কৃত্তিমতা। এই বইটির তেমন করে কোনো নায়ক-নায়িকা নেই। তবু ব্যর্থ প্রেমের উপাখ্যান আরও অনেক কিছুই বইটিতে আছে।’

বন্ধু প্রাণেশ দাস চরিত্র বিশ্লেষণ ও পর্যালোচনায় বলেন, লেখকের ‘দৃষ্টিপাত’ বইটি আসলে কোনো সাধারণ উপন্যাস নয়। এটা পত্রে লেখা একজনের অনুভূতি। বইটিতে প্রকাশ পেয়েছে ব্যর্থ প্রেম ও রাজনৈতিক অবস্থা। লেখকের রসবোধ বেশ ভালো। কঠিন সব বিষয়কে খুব সুন্দরমতো উপস্থাপন করেছেন।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বন্ধু দেব রায় সৌমেন, শেখ ফয়সাল আহমেদ, সমরজিৎ হালদার, গায়ত্রী দে বর্মণ, লেই রিক, সাজন বিশ্বাস, সুমন দাস, কৃত্য ছত্রী, অম্লান রায়, অমিত দেবনাথ, আজিজুল হাকিমসহ অনেকে।