পাহাড়ের বুক চিরে নেমে আসা স্বচ্ছ জলের ধারা, চারপাশের সবুজে ঘেরা পাহাড়ি পরিবেশ এবং প্রকৃতির নির্মল সৌন্দর্যে রূপসী ঝরনা যেন এক অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের আধার। ঝরনার শীতল জলধারা ও পাহাড়ি পরিবেশ ভ্রমণপিপাসুদের মনে এনে দেয় প্রশান্তির এক অন্য রকম অনুভূতি। অন্যদিকে, নডালিয়া সি–বিচের বিশাল নীল জলরাশি, ঢেউয়ের ছন্দ, বিস্তৃত বালুকাবেলা আর দিগন্তজোড়া আকাশ প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সময় কাটানো এবং প্রকৃতির বিশালতার মধ্যে হারিয়ে যাওয়ার অনুভূতি সত্যিই অসাধারণ।
নোবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা নিয়মিত পাঠচক্রের মাধ্যমে নিজেদের জ্ঞানভান্ডার সমৃদ্ধ করার পাশাপাশি সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। জ্ঞানচর্চা ও সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ স্থান ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিগুলো ঘুরে দেখার মাধ্যমেও তাঁরা নিজেদের অভিজ্ঞতার পরিধি বাড়িয়ে চলেছেন।
বন্ধুদের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও দৃঢ় করতে নোবিপ্রবি বন্ধুসভা নিয়মিত আয়োজন করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বনভোজন ও আনন্দ আয়োজন। তারই ধারাবাহিকতায় এবার বন্ধুরা ঘুরে এলেন চট্টগ্রামের রূপসী ঝরনা ও নডালিয়া সি–বিচ। ৮ আগস্ট এক দিনের এই ভ্রমণ অনুষ্ঠিত হয়।
সহসভাপতি, নোবিপ্রবি বন্ধুসভা