‘গণিতকে ভালোবাসতে হবে’

ডাচ্–বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় রংপুরে আঞ্চলিক গণিত উৎসব
ছবি: বন্ধুসভা

সকাল থেকেই রংপুর জিলা স্কুল মাঠ খুদে শিক্ষার্থীদের পদচারণ ও প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। কুয়াশাভরা সকালে মা–বাবা, শিক্ষক ও অভিভাবকদের হাত ধরে আসা শিক্ষার্থীদের চোখেমুখে ছিল গণিতভীতি জয় করার দৃঢ় প্রত্যয়।

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগানে ডাচ্–বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় ৩১ জানুয়ারি রংপুর জিলা স্কুলে অনুষ্ঠিত হয় রংপুর আঞ্চলিক গণিত উৎসব। সহযোগিতা করে রংপুর বন্ধুসভা।

উৎসব উপলক্ষে সকাল আটটা থেকেই জিলা স্কুল প্রাঙ্গণে হাজির হয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ১৫০ শিক্ষার্থী। রংপুরের পাশাপাশি গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলার শিক্ষার্থীরাও অংশ নেয়।

উৎসব বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে রংপুর বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

সকাল সোয়া ৯টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন অধ্যাপক তুহিন ওয়াদুদ এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপক মারুফুজ্জামান মিঠু ও রংপুর জিলা স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক গাজী সালাউদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন রংপুর বন্ধুসভার সদস্য শাহরিয়ার আহমেদ।

উপাচার্য মো. শওকাত আলী বলেন, ‘গণিতকে ভালোবাসতে হবে। অনেকে বলে, গণিত শুধু বিজ্ঞান ও প্রযুক্তির ভাষা। কিন্তু তা নয়। এটি ব্যবসা ও অর্থনীতির ভাষাও। আজকের গ্লোবাল ভিলেজকে আমাদের একসূত্রে গাঁথার সূত্র হলো এই গণিতের চর্চা।’

রংপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুহাইব ইনানী রংপুর থেকে ৫৩ কিলোমিটার দূরত্ব পেরিয়ে উৎসবে অংশগ্রহণ করে। সে বলে, ‘বড় বোনের আগ্রহে এবার এসেছি। এত শিক্ষার্থীর উপস্থিতি দেখে ভীষণ খুশি লাগছে।’

নীলফামারীর সৈয়দপুর উপজেলার নয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রিয়াদ আল মাহমুদ বাবার সঙ্গে এসে অংশগ্রহণ করে। সে বলে, ‘নতুন নতুন অঙ্ক জানতে ও শিখতে পেরে আমি আনন্দিত।’

উৎসব সফলভাবে আয়োজন ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে রংপুর বন্ধুসভার বন্ধুরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বন্ধু, রংপুর বন্ধুসভা