বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬
‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো গুরুত্বপূর্ণ’
নতুন প্রজন্মের মধ্যে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ ছড়িয়ে দিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ আয়োজন করেছে কেরানীগঞ্জ বন্ধুসভা। আজ সোমবার সকালে কেরানীগঞ্জের বামনসুর এলাকার এইমার্স একাডেমিতে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
অলিম্পিয়াডে মুক্তিযুদ্ধভিত্তিক ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) নিয়ে কুইজ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার জন্য নির্ধারিত সময় ছিল ২০ মিনিট। নির্ধারিত সময় শেষে কেরানীগঞ্জ বন্ধুসভার সদস্যরা উত্তরপত্র মূল্যায়ন করেন।
প্রতিযোগিতায় সেরা পাঁচজন শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধবিষয়ক বই উপহার দেওয়া হয়। এতে প্রথম স্থান অধিকার করে হাসান মোহাম্মদ মুনতাসির, দ্বিতীয় হুমায়রা আক্তার, তৃতীয় নওরিন আক্তার, চতুর্থ সারিফা ও পঞ্চম স্থান অধিকার করে আরাবি জান্নাত। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নয়াবাজার উচ্চবিদ্যালয়ের রসায়ন শিক্ষক রাশেদ উল হক।
রাশেদ উল হক বলেন, ‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বইয়ের মাধ্যমে তারা আমাদের স্বাধীনতার সংগ্রাম, ত্যাগ ও অর্জনের বিষয়গুলো আরও গভীরভাবে জানতে পারবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ বন্ধুসভার সভাপতি নাজিউল্লাহ ভূঁইয়া, সহসভাপতি শামসুন্নাহার শিরীন, সাধারণ সম্পাদক অর্ণব সাইফুল, সাংস্কৃতিক সম্পাদক গৌতম বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য রানা হামিদ, এইমার্স একাডেমির শিক্ষক সুমাইয়া আক্তার, সানজিদা মেরিন, গণেশ মোদক প্রমুখ।