হেমন্তের শেষ বিকেল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর প্রথম আলোর রাজশাহী অফিসে বই, কবিতা ও সাহিত্যের আড্ডায় মুখর রাজশাহী বন্ধুসভার বন্ধুরা। বৃষ্টিস্নাত এমন এক বিকেলে ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয় বন্ধুসভার নিয়মিত পাঠচক্র।
বিশ্বসাহিত্যের আনন্দময় ও ব্যতিক্রমী সৃষ্টির জগতে যাঁর অবস্থান স্বতন্ত্র, সেই ছড়াসাহিত্যিক ও শিশুসাহিত্যিক সুকুমার রায়ের জন্মদিন উপলক্ষে এবারের পাঠচক্রে বিশেষ আয়োজন করা হয়। বন্ধুরা তাঁর লেখা বিভিন্ন কবিতা পাঠ করেন। পাশাপাশি তাঁর সাহিত্যকর্ম, সৃষ্টিশীলতা, রসবোধ এবং বাংলা শিশুসাহিত্যে তাঁর অসামান্য অবদান নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন।
আলোচনায় উঠে আসে, সুকুমার রায়ের সাহিত্য কেবল শিশুদের আনন্দ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তাঁর উদ্ভট কল্পনা, তীক্ষ্ণ ব্যঙ্গ, শব্দের অভিনব ব্যবহার ও গভীর জীবনবোধ সব বয়সের পাঠকের জন্যই এক অনন্য আনন্দের উৎস। তাঁর সৃষ্টির মধ্য দিয়ে যুক্তি, কল্পনা ও হাস্যরসের যে অপূর্ব মেলবন্ধন ঘটেছে, তা বাংলা সাহিত্যে আজও স্বতন্ত্র আসন দখল করে আছে।
পাঠচক্র শেষে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৭ নভেম্বর রাজশাহীর লালন শাহ মুক্তমঞ্চে অনুষ্ঠাতব্য আয়োজনের প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে একটি ফলোআপ সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্বনির্ধারিত পরিকল্পনা, আয়োজনের বিভিন্ন দিক এবং বন্ধুদের দায়িত্ব বণ্টন ও সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।
সভাপতি, রাজশাহী বন্ধুসভা