বৃক্ষের যত্ন নেওয়া আমাদের সবার দায়িত্ব

ক্যাম্পাসে গাছের চারা রোপণ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক চিরন্তন। জীবনের প্রতিটি মুহূর্তে নীরবে আমাদের পাশে থেকে বৃক্ষ শুধু অক্সিজেন দেয় না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু নিয়ন্ত্রণ ও প্রকৃতির সৌন্দর্য অটুট রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুলের সৌরভ, ফলের মিষ্টতা, ছায়ার শীতলতা কিংবা নির্মল বাতাস—জীবনের নানা আয়োজনে বৃক্ষ আমাদের অবিচ্ছেদ্য সঙ্গী। এই সবুজ বন্ধুদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই জাতীয় পরিচালনা পর্ষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করেছে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’।

‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে ১৫ আগস্ট সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচিতে বন্ধুসভার সদস্যরা ক্যাম্পাসের পরিবেশকে আরও সবুজ ও প্রাণবন্ত করতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

ক্যাম্পাসে গাছের চারা রোপণ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা।
ছবি: বন্ধুসভা

কর্মসূচির আওতায় রবীন্দ্রভবন প্রাঙ্গণ, সিরাজী ভবনের পেছন সংলগ্ন স্থান, তৃতীয় বিজ্ঞান ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম এবং মাদার বখ্শ হলের পুকুরে সামনের এলাকায় চারা রোপণ করা হয়। চারার মধ্যে ছিল নিম, বকুল, কৃষ্ণচূড়া, পেয়ারা, জারুল, কাঁঠাল ও জামগাছ। পাশাপাশি রোপণ করা গাছগুলোর নিয়মিত যত্ন ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বন্ধুসভার সদস্য নাফিস আরাফাত বলেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বৃক্ষকে বন্দনা করে বলেছিলেন—“অন্ধ ভূমিগর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ, আদিপ্রাণ।” প্রজন্মের আদি হতে অন্তে প্রাণের সঞ্চারে বৃক্ষবন্দনা চর্চা তথা বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও বৃক্ষের যত্ন নেওয়া আমাদের সবার দায়িত্ব।’

ক্যাম্পাসে গাছের চারা রোপণ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা।
ছবি: বন্ধুসভা

সাধারণ সম্পাদক বাঁধন রায় বলেন, ‘বৃক্ষ আমাদের অকৃত্রিম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও বৃক্ষের পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু গাছ লাগানো নয়, রোপণ করা প্রতিটি গাছকে যত্নের মাধ্যমে বাঁচিয়ে রাখার দায়িত্বও আমাদের নিতে হবে।’

সভাপতি সুইটি রাণী বলেন, ‘পৃথিবী আমাদের দিয়েছে খাদ্য, পানি, অক্সিজেন এবং বেঁচে থাকার যাবতীয় উপকরণ। অথচ এর বিনিময়ে আমরা প্রতিনিয়ত পরিবেশকে দূষিত করছি। এই অবস্থার পরিবর্তনে আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে। আমরা যদি প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং সেটির যথাযথ পরিচর্যা করি, তাহলে সম্মিলিতভাবে আমাদের ক্যাম্পাস ও পরিবেশকে আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য করে তুলতে পারব।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি: বন্ধুসভা

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সুইটি রাণী, সাধারণ সম্পাদক বাঁধন রায়, সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মুয়াজ্জিন হোসাইন, সদস্য মাসুম বিল্লাহ, নাফিস আরাফাত, সৌমিত্র কুমার, সাবিহা খাতুন, তানিসা উর্মি ও রিশাদ।