সিলেটে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ করলেন বন্ধুরা

রাস্তার দুই পাশে গাছের চারা রোপণ করছেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে। ৭ জুলাই সকালে সিলেটের খাদিমনগর ইউনিয়নের লাখাউড়ায় দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ করেছে সিলেট বন্ধুসভা।

গাছের মধ্যে ছিল ২৫টি অর্জুন, ২৫টি কাঠবাদাম, ১৫টি কাঁঠাল, ২০টি হরিতকি, ৪টি পেয়ারা, ২০টি বহেরাসহ মোট ১০৯টি গাছের চারা।

উপদেষ্টা শাহ সিকান্দার শাকির বলেন, ‘আমি ২০১৩ সাল থেকে বৃক্ষরোপণ করে আসছি। এ পর্যন্ত অনেক বৃক্ষরোপণ করেছি। বন্ধুসভার এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’

ম্যাগাজিন সম্পাদক শেখ ফয়সাল আহমেদ বলেন, ‘বৈশ্বিক পরিবর্তনে আমাদের পরিবেশের ভারসাম্য অনেকটা ক্ষতিগ্রস্ত। দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং প্রচণ্ড রোদে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করি। মাসব্যাপী এ কর্মসূচি চলবে।’

সিলেট বন্ধুসভার বৃক্ষরোপণ
ছবি: বন্ধুসভা

এর আগে প্রথম দফায় গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিলেট নগরের কাজির বাজার এলাকার শাহপরান সরকারি কলেজ মাঠে ৩০টি ঔষধি ও ফলদ গাছের চারা রোপণ করেন বন্ধুরা।

আয়োজনে সহযোগিতা করেন ইউকেবেটের নির্বাহী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধু মিহরাব আহমেদ চৌধুরী, দেব রায় সৌমেন, শেখ ফয়সাল আহমদ ও এমসি কলেজ বন্ধুসভার সভাপতি উত্তম দাস।

যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট বন্ধুসভা