প্রথম আলোর ২৮ বছরের পথচলা উদ্যাপন করল বন্ধুসভা
সত্য, সাহস আর মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে ২৮ বছরের পথচলা পেরিয়ে নতুন অধ্যায়ে পা রেখেছে প্রথম আলো। এই দীর্ঘ যাত্রায় প্রথম আলোর পাশে থেকেছে বন্ধুসভা, যা অসংখ্য তরুণের বন্ধুত্ব, সৃজনশীলতা, স্বেচ্ছাসেবা ও ইতিবাচক পরিবর্তনের মিলনমঞ্চ হয়ে উঠেছে। প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ নভেম্বর বন্ধুসভার আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে স্মৃতিচারণা ও আগামীর প্রত্যাশা মিলেমিশে তৈরি করে এক আনন্দঘন পরিবেশ।
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে জাতীয় পরিচালনা পর্ষদ, ঢাকা মহানগর বন্ধুসভা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। আড্ডা, শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উদ্যাপিত হয় প্রথম আলোর ২৮ বছর পূর্তির আনন্দ।
সাংস্কৃতিক পর্বে নাচ, গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন বন্ধুরা। নৃত্য পরিবেশন করেন ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু মাসিয়াত ইসলাম ও কার্যনির্বাহী সদস্য হোসাইন ইসলাম এবং ড্যাফোডিল বন্ধুসভার স্নিগ্ধা পালমা ও তাসকিন খান। সংগীত পরিবেশন করেন জাতীয় পরিচালনা পর্ষদের সদস্য তাপসী রায় এবং ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু সাদিকুল ইসলাম। কবিতা আবৃত্তি করেন ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু বর্ণিক বৈশ্য ও ড্যাফোডিল বন্ধুসভার বন্ধু তাসকিন খান। তাঁদের পরিবেশনায় আয়োজনটি পায় বাড়তি প্রাণ ও উৎসবের আমেজ।
অনুষ্ঠানে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও বন্ধুসভার পৃষ্ঠপোষক আনিসুল হকের বক্তব্যে উঠে আসে সত্যের প্রতি অবিচল থাকার প্রত্যয়। তিনি বলেন, ‘আমাদের সাহসের উৎস হচ্ছে সত্য। আমরা অটল ছিলাম, অটল আছি এবং অটল থাকব।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা আশিকুজ্জামান অভি, সভাপতি জাফর সাদিক, নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক, সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজ, সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা মুহসিনা বুশরা, কার্যনির্বাহী সদস্য উম্মে হাবিবা ডায়না, নাঈমা সুলতানা ও আবরার জাহিন।
ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি হাসান মাহমুদ সম্রাট ও যুগ্ম সাধারণ সম্পাদক মেঘা খেতানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার সহসভাপতি রাজা মান্নান তালুকদার ও মামুন হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও প্রচার সম্পাদক অমিত পালসহ ঢাকা মহানগর ও ঢাকার বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা।
জাতীয় পর্ষদের সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজ বন্ধুসভার সঙ্গে নিজের ২০ বছরের দীর্ঘ সম্পৃক্ততার কথা তুলে ধরেন। দীর্ঘদিনের পথচলার অভিজ্ঞতা ও স্মৃতিচারণার পাশাপাশি তিনি বন্ধুসভার ‘এসো মিলি জলধারা’ অনুষ্ঠান বাস্তবায়নে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
জাতীয় পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা মুহসিনা বুশরা তাঁর বক্তব্যে বন্ধুসভার সাংগঠনিক পথচলা ও কার্যক্রম নিয়ে কথা বলেন।
একই দিন ছিল প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে অনুষ্ঠান শেষে কেক কাটা হয়।
প্রচার সম্পাদক, ঢাকা মহানগর বন্ধুসভা