গাজীপুরের প্রকৃতি, কবি ও বরেণ্য ব্যক্তিদের নিয়ে পাঠচক্রের আসর ও সাংগঠনিক বৈঠক করেছে গাজীপুর বন্ধুসভা। ৩ এপ্রিল বিকেলে প্রথম আলো গাজীপুর অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে গাজীপুরের প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয় কবি-সাহিত্যিক এবং বরেণ্য ব্যক্তিদের জীবন ও অবদান নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আসন্ন পয়লা বৈশাখ উদ্যাপন উপলক্ষে নানা কর্মসূচিও নির্ধারণ করা হয়েছে।
উপস্থিত বন্ধুরা পাঠচক্রের গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে ইতিহাস, সংস্কৃতি ও সাহিত্য সম্পর্কে জানার সুযোগ করে দেয় এবং জ্ঞানচর্চার প্রতি আগ্রহ বৃদ্ধি করে। পাশাপাশি এটি সংস্কৃতিবোধ ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, বন্ধুসভার কার্যক্রমকে আরও সক্রিয় ও অংশগ্রহণমূলক করতে নিয়মিত পাঠচক্র ও সাংগঠনিক মিটিং আয়োজন করা হবে। এতে নতুন বন্ধুদের সম্পৃক্ততা যেমন বাড়বে, তেমনি সংগঠনের কার্যক্রমও আরও গতিশীল হবে।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুরের প্রকৃতি ও ইতিহাস সম্পর্কে জানার মাধ্যমে আমরা আমাদের শিকড়ের সঙ্গে নতুন করে পরিচিত হচ্ছি। এমন আয়োজন আমাদের চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করে।
সভাপতি বাবুল ইসলাম বলেন, এই পাঠচক্র শুধু আলোচনা নয়, এটি জ্ঞান ভাগাভাগি ও পারস্পরিক বোঝাপড়ার একটি সুন্দর মাধ্যম। ভবিষ্যতে আরও নিয়মিত এ ধরনের আয়োজন প্রত্যাশা করছি।
বন্ধু সাব্বির আহামেদ বলেন, পাঠচক্রের মাধ্যমে জ্ঞান বিনিময় যেমন হয়, তেমনি বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হয়। এটি আমাদের মধ্যে সহযোগিতা ও শেখার আগ্রহ বাড়িয়ে তোলে।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত মণ্ডল, দপ্তর সম্পাদক মারফুয়া আহামেদ, সহসাংগঠনিক সম্পাদক মনসুরুল হক মৃদুল, প্রশিক্ষণ সম্পাদক শাহরিয়ার মণ্ডল, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার, বন্ধু ফাতেমা আক্তার, আফরিন জাহান, মারুফ আল গালিবসহ অন্য বন্ধুরা।