বন্ধুসভার প্রাণ হলো পাঠচক্র। সামাজিক কার্যক্রমের মধ্যে বইমেলা, বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ, বনভোজনসহ নানা ভালো কাজে সারা বছর ব্যস্ত থাকেন সংগঠনের সদস্যরা। এরই ফাঁকে নিজেদের মধ্যে বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে গানের আসর করেছে গোবিপ্রবি বন্ধুসভা। ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আসর বসে।
বলা হয়, জীবন রঙিন। কখনো কখনো সেই জীবনে নেমে আসে মলিনতা, বিষণ্নতা। ক্লাস, ল্যাব, অ্যাসাইনমেন্টসহ নানা কারণে হতে পারে ক্লান্তি। মনকে একটু প্রফুল্ল করতে ‘চা আড্ডা—এক সন্ধ্যা চায়ের টেবিল সংস্কৃতি’ শিরোনামে এই গানের আসর আয়োজন করা হয়।
একে একে সবাই মিলে ধরলেন গান। লিরিকসে ফুটে উঠছিল বাংলাদেশের একেকটি অঞ্চলের ঐতিহ্য। জনপ্রিয় কিছু গান যেমন ‘মধু হই হই বিষ খাওয়াইলা’, ‘সাদা টারে কালা বলা’—এ ধরনের লোকজ ও আঞ্চলিক গান পরিবেশন করা হয়। এসব গানের মাধ্যমে ফুটে ওঠে বিভিন্ন অঞ্চলের প্রতি আবেগ ও ভালোবাসা। গান পরিবেশন করেন বন্ধু কাউসার, দীপক, সুমন, মল্লিকা ভৌমিক, দিগন্ত বিশ্বাস ও স্মৃতি রানী।
সাধারণ সম্পাদক শেখ আল-আমিন বলেন, ‘গান আমাদের মন ভালো করে, একই সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ দেয়, চিন্তার স্বাধীনতা দেয়। গান আমাদের মুক্তি দেয়, ভাবতে শেখায়।’
পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা