একটি দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তন আনয়নে তরুণ সংগঠকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে তাদের দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে নিয়মিত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে হবে।
১৫ জুন সাভারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) উদ্যোগে ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়’ কর্মশালায় বক্তারা এ কথা বলেন। আলোচক হিসেবে ছিলেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর আতিকুর রহমান।
কর্মশালায় অংশ নেন সাভার বন্ধুসভার বন্ধুরাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও তরুণ সংগঠনের প্রতিনিধিরা। এতে টেকসই উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও সামাজিক উন্নয়নে তরুণদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে নাগরিক সচেতনতা, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালায় অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
সাভার বন্ধুসভার বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি দিবাকর বিনতে আলম, সাধারণ সম্পাদক তানজীল তাবাসসুম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়ম ঘোষ, প্রচার সম্পাদক আবদুল্লাহ বিন হাজ্জাজ এবং দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আশফাক আহমেদ।