পঞ্চগড়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে গান, নাচ ও নাটক

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানছবি: বন্ধুসভা

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার সদস্যরা। এ ছাড়া পঞ্চগড় বন্ধুসভার সাধারণ সম্পাদক রেশমা রিয়ার লেখা নাটক ‘শেষ পাতার মানুষ’ মঞ্চস্থ হয়। নাটকটিতে অভিনয় করেন বন্ধুসভার সদস্যরা।

অনুষ্ঠানে বক্তব্য দেন মকবুলার রহমান সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি তবিরুল ইসলাম, পঞ্চগড় বন্ধুসভার উপদেষ্টা ও আইনজীবী মনসুর আলী এবং প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান।

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বক্তারা বলেন, নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রথম আলো ২৮ বছরে হার মানেনি। মাথা উঁচু করে মানুষের কল্যাণ, সমাজের উন্নয়ন ও দেশের জন্য কাজ করে যাচ্ছে। এ কারণেই প্রথম আলো এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান নির্ধারণ করেছে ‘অটল ২৮’।

বক্তারা আরও বলেন, সংবাদ প্রকাশের পাশাপাশি প্রথম আলো বন্ধুসভা, প্রথম আলো ট্রাস্টসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এসব উদ্যোগ প্রথম আলোকে শুধু একটি সংবাদমাধ্যম হিসেবে নয়, মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিষ্ঠানে পরিণত করেছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রথম আলোর এই পথচলা অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বন্ধুসভার সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।