রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পরিচালনা পর্ষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক আশফাকুর রহমান। ৩০ আগস্ট বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
শুরুতেই আশফাকুর রহমান উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুদের সঙ্গে কুশল বিনিময় ও পরিচিতি পর্ব সম্পন্ন করেন। এরপর বন্ধুসভার বর্তমান সার্বিক অবস্থা ও সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং সংগঠনটির গতিশীল কাজের ভূয়সী প্রশংসা করেন।
আশফাকুর রহমান বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করেছি কয়েক বছর হলো। তবে মতিহারের এই সবুজ চত্বর ও বন্ধুসভার স্মৃতিবিজড়িত দিনগুলো এখনো আমাকে গভীর আবেগতাড়িত করে।’
আলোচনায় আশফাকুর রহমান বন্ধুদের দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। লেখার অভ্যাস গড়ে তোলা, নেতৃত্ব, কার্যকর যোগাযোগ, নেটওয়ার্কিং এবং বিভিন্ন কর্মশালা আয়োজনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সেই সঙ্গে ক্যারিয়ার গঠনে সহায়ক বিভিন্ন টিপস দেন এবং বন্ধুসভার কার্যক্রমকে আরও বেগবান করার পরামর্শ প্রদান করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাধারণ সম্পাদক বাঁধন রায় বলেন, ‘ভাইকে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত। বিশ্বাস করি, তাঁর মূল্যবান নির্দেশনাগুলো আমরা যথাযথভাবে মেনে চলতে পারব।’
সভাপতি সুইটি রাণী বলেন, ‘প্রচণ্ড গরমের মধ্যেও সুদূর ঢাকা থেকে এসে আমাদের সময় দেওয়ায় ভাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি সামনের দিনগুলোতেও আমরা ভাইকে পাশে পাব এবং আমাদের বন্ধুসভার সামাজিক ও সৃজনশীল কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলতে পারব।’ এরপর তিনি উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সহসভাপতি আররাফি সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবন্তী সরকার, প্রচার সম্পাদক শামীম হোসেন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মুয়াজ্জিন হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক ইফফাত আরা ইনাম, ম্যাগাজিন সম্পাদক জুবায়ের ফাহিম হাসান, বন্ধু মাসুম বিল্লাহ, নাফিস আরাফাত ও নাঈম শিকদার।
ম্যাগাজিন সম্পাদক, রাবি বন্ধুসভা