‘দেনা-পাওনা’ বাঙালি সমাজজীবনের জটিল সম্পর্ককে তুলে ধরে

জামালপুর বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘দেনা-পাওনা’ নিয়ে পাঠচক্র করেছে জামালপুর বন্ধুসভা। ১৭ জানুয়ারি বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরপাড়ে এটি অনুষ্ঠিত হয়।

শুরুতেই পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সামিতা তাবাসসুম উপন্যাসটি সম্পর্কে সামগ্রিক আলোচনা করেন। আলোচনায় আরও অংশ নেন সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, বন্ধু মাসুদ সরকার ও মো. হৃদয়।

বন্ধুদের আলোচনায় উঠে আসে, ‘দেনা-পাওনা’ বাঙালি সমাজজীবনের জটিল সম্পর্ককে তুলে ধরে। গল্পটি ঘুরেফিরে জমিদার-প্রজা সম্পর্ক, নারীর অবস্থা, সমাজের কুসংস্কার ও মানুষের মনোবিজ্ঞানের বিভিন্ন দিক আলোকপাত করে। কেন্দ্রীয় চরিত্র জীবনানন্দ একজন অত্যাচারী জমিদার। সে তার ক্ষমতার অপব্যবহার করে গ্রামবাসীদের ওপর অত্যাচার চালায়।

জমিদার জীবনানন্দ চণ্ডীগড়ে আসার পর থেকেই তার অত্যাচার, অনাচার আর নিষ্ঠুরতায় গ্রামের জনতা দিশাহারা। তাদের মাতৃরূপী ষোড়শীও এই নিষ্ঠুরতা থেকে রেহাই পায় না। বলিষ্ঠ এই নারীর সতীত্বে কালিমা লাগিয়ে তাকে পদচ্যুত করাই যেন ক্ষমতালোভী শ্রেণির উদ্দেশ্য। জমিদার ছাড়া এই শ্রেণির মধ্যে উল্লেখযোগ্য স্বয়ং ষোড়শীর পিতা তারাদাস, জনার্দন রায়, শিরোমণি, গোমস্তা এককড়িসহ ছোট-বড় আরও অনেকে। ষোড়শীর সম্মানহানির সময় সে পাশে পায় জনার্দন রায়ের কন্যা হৈমবতী ও তার ব্যারিস্টার স্বামী নির্মল বসুকে।

সামিতা তাবাসসুম বলেন, উপন্যাসটিতে শুধু কঠিন নারী চরিত্র সৃষ্টিই নয়, নারীর পক্ষে ও নারীর সামাজিক বঞ্চনার বিরুদ্ধেও সংলাপের আড়ালে শরৎচন্দ্রের তেজি ও সাহসী বক্তব্য ফুটে উঠেছে।

পাঠচক্র শেষে জামালপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

উপন্যাসটির উল্লেখযোগ্য কিছু সংলাপের মধ্যে একটি সংলাপ মনে দাগ কাটার মতো। সেটি হচ্ছে, ‘দুঃখীদের কোনো আলাদা জাত নেই, দুঃখেরও কোনো বাঁধানো রাস্তা নেই। তা থাকলে সবাই তাকে এড়িয়ে চলতে পারত। হুড়মুড় করে যখন ঘাড়ে এসে পড়ে, তখনই মানুষ তাকে টের পায়। কিন্তু কোন পথে যে তার আনাগোনা, আজও কেউ তার খোঁজ পেল না।’

পাঠচক্রে উপস্থিত ছিলেন উপদেষ্টা মহসিন কাকন, সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক রুবেল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অপূর্ব, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, অর্থ সম্পাদক লামিয়া আক্তার, প্রচার সম্পাদক ফাহিম মোনায়েম, বইমেলা সম্পাদক আমির হামজা, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক নাহিদুল হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, বন্ধু নাইমুল শাকিল, আরিফ হোসেন, সাদিয়া নুর, মো. হৃদয়, মেহেদি হাসান ও মমিন পাটোয়ারী।

প্রচার সম্পাদক, জামালপুর বন্ধুসভা