মাদকের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দিতে এবং তরুণদের মাদকমুক্ত জীবন গঠনের আহ্বান জানিয়ে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ২৬ জুন বাগেরহাট বন্ধুসভার সহযোগিতায় জেলা প্রেসক্লাবের সামনে এটির আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট।
কর্মসূচিতে বন্ধুসভার বন্ধুরাসহ গণমাধ্যমকর্মী, অতিথি ও সচেতন নাগরিকেরা অংশ নেন। স্বাগত বক্তব্যে প্রথম আলোর বাগেরহাট প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা সরদার ইনজামামুল হক বলেন, ‘মাদকের বিরুদ্ধে লড়াই কোনো একটি দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ নয়। আজকের এই মানববন্ধন প্রতীকী হলেও এর বার্তা অনেক বড়। মাদকমুক্ত সমাজ গড়তে হলে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও সোচ্চার হতে হবে।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) বাগেরহাটের সাধারণ সম্পাদক এস এ হাসিব বলেন, ‘মাদক একজন মানুষের জীবন, পরিবার ও ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। সমাজে এর বিস্তার উদ্বেগজনক। তাই এখনই সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।’
বাগেরহাট বন্ধুসভার সভাপতি মাহমুদ হোসেন বলেন, ‘মাদকবিরোধী দিবস শুধু একটি দিনের বিষয় নয়। প্রতিদিন আমাদের মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে। নিজে মাদক থেকে দূরে থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে।’
বন্ধুসভার উপদেষ্টা ও বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত গণিত শিক্ষক শেখ মুজিবুর রহমান বলেন, ‘তরুণ-তরুণীরাই দেশের সবচেয়ে বড় শক্তি। তারা যদি মাদক থেকে দূরে থেকে সুস্থ ও সৃজনশীল জীবনধারা বেছে নেয়, তবে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’
পরে শেখ মুজিবুর রহমান উপস্থিত সবার অংশগ্রহণে মাদকবিরোধী শপথ পাঠ করান। শপথে অংশগ্রহণকারীরা মাদক থেকে দূরে থাকার এবং অন্যদেরও সচেতন করার অঙ্গীকার করেন।
সাধারণ সম্পাদক, বাগেরহাট বন্ধুসভা