‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ নিয়ে বন্ধুসভার বিশেষ প্রদর্শনী
বিশ্ববিদ্যালয়ের গণরুম আর ছাত্ররাজনীতির গল্পে তরুণ নির্মাতা আকাশ হক বানিয়েছেন চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় চলচ্চিত্রটি নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রদর্শনী উপভোগ করেন বন্ধুসভা জাতীয় পর্ষদ, ঢাকা মহানগর ও ঢাকার বিভিন্ন বন্ধুসভার ১৫০ জন সদস্য।
উপস্থিত ছিলেন নির্মাতা আকাশ হক ও নির্বাহী প্রযোজক হাফিজুদ্দিন মুন্না, অভিনেতা দেবদ্যুতি আইচ, রকি খান, লেখক রোনো আনোয়ারসহ অন্য কলাকুশলীরা। নির্মাতা জানান, এই সিনেমা নির্মাণের পেছনে প্রস্তুতি ১০ বছরের। শুটিং হয়েছে ৫০-৫৫ দিন। আর এডিটিং, ডাবিং ও অন্যান্য কাজ মিলিয়ে মুক্তি পেতে দেড়-দুই বছর সময় লেগে যায়। একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের গল্প নিয়ে সিনেমাটি তৈরি। ক্যাম্পাসে দেখা পরিচালকের অভিজ্ঞতাই গল্পের মাধ্যমে তুলে ধরেছেন তিনি।
প্রথম আলো বন্ধুসভা এ বছর ধারাবাহিকভাবে চলচ্চিত্র প্রদর্শনী ও রিভিউ প্রতিযোগিতার আয়োজন করছে। শুরুটা হয়েছিল ‘সাবা’ চলচ্চিত্র দিয়ে। এরপর ‘চক্র-২’ ও ‘দম’। এবার প্রদর্শন করা হলো ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। এ বিষয়ে বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, ‘আমরা বাংলা কনটেন্ট সবাইকে দেখাতে চাই, এবং দেখতে উৎসাহ দিতে চাই। এতে প্রযোজক, পরিচালকেরা ভালো ভালো কনটেন্ট নির্মাণে উৎসাহ পাবেন। আমাদের উদ্দেশ্য, বন্ধুসভার বন্ধুদের মাধ্যমে বাংলা সংস্কৃতি ও বাংলা চলচ্চিত্র প্রচার করা।’
এমন একটি গল্প নিয়ে কাজ করায় এ সময় জাফর সাদিক চলচ্চিত্রের পুরো টিমকে ধন্যবাদ জানান।
প্রদর্শনী শেষে ছিল প্রশ্নোত্তর পর্ব। উপস্থিত দর্শকেরা পরিচালক, প্রযোজক ও অভিনেতাদের কাছে নিজেদের ভালো লাগা ও অনুভূতি শোনান। ছিল অভিনয়, নির্মাণ, স্ক্রিপ্ট ও গল্পের পেছনের গল্প নিয়ে আলোচনা। ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’-এর নির্বাহী প্রযোজক হাফিজুদ্দিন মুন্না বলেন, ‘আমরা এখানে আসতে পেরে খুবই গর্বিত। সিনেমাটি সবাইকে দেখাতে চাই। এই জার্নি বন্ধুসভার মাধ্যমে আরও ছড়িয়ে পড়ুক। আমাদের পুরো টিম প্রথম আলো ও বন্ধুসভার প্রতি কৃতজ্ঞ। কারণ, নির্মাণের শুরু থেকেই প্রথম আলো আমাদের পাশে রয়েছে।’
আয়োজনে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পর্ষদের উপদেষ্টা মাহবুব পারভেজ, সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি প্রমুখ। সমন্বয়ক হিসেবে ছিলেন জাতীয় পর্ষদের সহসভাপতি নূর-ই আলম এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক মাহাফুজার রহমান।
প্রদর্শনী শেষে ‘দম’ চলচ্চিত্রের রিভিউ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিজয়ী হয়েছেন তাইয়্যেবা তাসকিন, সুদীপ্ত কুমার দাস, ফাইজা ইসলাম, নুসরাত জাহান, সামান্তা সিদ্দিক, পলাশ সাহা, ফারজানা ইয়াসমিন, ফয়সাল আহমেদ, মো. সুমন ও অমিত বণিক।
গত ১৬ জানুয়ারি ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির প্রিমিয়ার হয়। সেই সময় সিনেমাটি পছন্দ করেছিলেন দর্শক, উৎসবে এটি বাংলাদেশ প্যানারোমা বিভাগে সেরা সিনেমার পুরস্কার পায়।। পরে টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসবে প্রদর্শিত হয় ও হীরালাল সেন পুরস্কার পায়। পরবর্তী সময়ে গত ১২ জুন স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমায় এটি প্রদর্শিত হয়।
চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়েদ, ইফাদ হাসান, নিলয় বালা প্রমুখ। পরিচালনার পাশাপাশি সিনেমাটির প্রযোজনা, চিত্রনাট্য, সম্পাদনা ও চিত্রগ্রহণের কাজও করেছেন আকাশ হক।