নদীতে পড়ন্ত বিকেলের ঢেউ আর তীরের হিমেল হাওয়া। এমন পরিবেশে ঘুড়ি ওড়ানো, নাচ, গান ও আবৃত্তির মধ্য দিয়ে চৈত্রসংক্রান্তি উপলক্ষে বঙ্গাব্দ ১৪৩২-কে বিদায় জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ১৩ এপ্রিল বিকেলে মহানন্দা নদীর পারে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর পাশে উৎসবমুখর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উন্মুক্ত পরিবেশে এই আয়োজন সাধারণ পথচারী ও দর্শকদেরও দারুণভাবে বিমোহিত করে। এতে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন ও মনোয়ারা খাতুন, সভাপতি মাসরুফা খাতুন। তাঁরা বলেন, ‘চৈত্রসংক্রান্তি আমাদের শেকড় ও সংস্কৃতির অংশ। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতিকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার অর্থ সম্পাদক আলীউজ্জামান নূরের সঞ্চালনায় নৃত্য পরিবেশন করে ছোট্ট বন্ধু মেহজাবিন রহমান। কবিতা আবৃত্তি করেন উপদেষ্টা আজিজুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আনিফ রুবেদ ও বন্ধু তামিম আলী। সহসভাপতি ফারাহ্ উলফাৎ রহমান আবৃত্তি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৈশাখ’ কবিতা। কবিতাটি আবৃত্তির সঙ্গে তাল মিলিয়ে নৃত্য পরিবেশন করেন সাধারণ সম্পাদক রামিজ আহমেদ।
সবশেষে ঘুড়ি ওড়ানোতে অংশগ্রহণ করা বন্ধুদের বই উপহার দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মেরাজুল ইসলাম, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শাকিল হোসেন, বন্ধু নয়ন আহমেদ, সাজিদুর রহমান, তানভির হোসেন, সাহিদ আলী ও অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা