মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার পাঠচক্রে ‘ঘরে–বাইরে’
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস ‘ঘরে–বাইরে’ নিয়ে পাঠচক্রের আসর করেছে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা। ১২ মে সকালে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে বইটির রাজনৈতিক প্রেক্ষাপট, মানবিক টানাপোড়েন, নারী স্বাধীনতা ও দেশপ্রেমের বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত তুলে ধরেন। আলোচনায় বিশেষভাবে উঠে আসে নিখিল, সন্দীপ ও বিমলার সম্পর্কের জটিলতা এবং স্বদেশি আন্দোলনের আবহে মানুষের মানসিক পরিবর্তনের বিষয়গুলো।
বন্ধু হৃদিতা সিনহা বলেন, ‘ঘরে–বাইরে’ শুধু একটি প্রেমের গল্প নয়, এটি মানুষের আদর্শ, আবেগ ও আত্মপরিচয়ের দ্বন্দ্বের গল্প। বিমলার চরিত্রের মাধ্যমে নারীর আত্মজাগরণের বিষয়টি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।
বন্ধু চৌধুরী নাফিসা তাঁর আলোচনায় উল্লেখ করেন, রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাসটিতে অন্ধ জাতীয়তাবাদের বিপদকে অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরেছেন। বইটি আজও সমান প্রাসঙ্গিক।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বন্ধু রূপায়ণ চৌধুরী, অনুপ দাশ, শেখ সানজিদা রশীদ, রাসেল মিয়া, সনি তালুকদার, মিল্টন দাশ, সাব্বির আহমেদ, হৃত্তিক চক্রবর্তীসহ অনেকে। সঞ্চালনা করেন সৈয়দা তামান্না ইসলাম।