রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে মেডিক্যাল ক্যাম্প
শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেট এলাকায় যৌথভাবে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করেছে এমআরবি মেডিক্যাল রিসার্চ বাংলাদেশ এবং প্রজেক্ট আর্থকেয়ার–ক্লাইমেট অ্যান্ড জাস্টিস টুগেদার।
মেডিক্যাল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। বন্ধুরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন। মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাংলাদেশ মেইল ২৪ নিউজ।
ক্যাম্পে অংশগ্রহণকারীদের জন্য সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, চোখের ভিশন স্ক্রিনিং, দাঁতের পরীক্ষা, রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষা, টিকাদান সেবা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রদান করা হয়। শিক্ষার্থী, কর্মচারী ও আশপাশের এলাকার বহু মানুষ এ সেবা গ্রহণ করেন।
আয়োজকেরা জানান, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা মানুষকে বড় রোগ থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্য বাঁধন গুহ জানান, মানুষের সেবা করতে পেরে তিনি গর্বিত। ভবিষ্যতেও এমন মানবিক কাজে যুক্ত থাকতে চান।
সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাই সুস্থ জীবনের চাবিকাঠি।
সহসভাপতি আররাফি সিরাজী বলেন, স্বেচ্ছাসেবকদের আন্তরিক সহযোগিতা ও সবার অংশগ্রহণের কারণেই কর্মসূচিটি সফল হয়েছে।
সভাপতি সুইটি রাণী বলেন, মানুষের দোরগোড়ায় প্রাথমিক চিকিৎসা পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।