বিচারহীনতার সংস্কৃতির কারণেই এ ধরনের ঘটনা বাড়ছে

‘শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক–নিপীড়কের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ স্লোগানে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচিছবি: বন্ধুসভা

রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অপরাধীর দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেট প্রাঙ্গণে এটির আয়োজন করে গাইবান্ধা বন্ধুসভা।

‘শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক–নিপীড়কের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ স্লোগানে মানববন্ধনে বক্তব্য দেন গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক আইনজীবী সিরাজুল ইসলাম, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির, সদস্য রুহুল আমিন, মানবাধিকারকর্মী কাজী আবদুল খালেক, সাংবাদিক শাহজাহান সিরাজ, এনজিওকর্মী মাজেদা খাতুন ও নাজমা বেগম, গাইবান্ধা বন্ধুসভার প্রচার সম্পাদক খন্দকার রিমি প্রমুখ। সঞ্চালনা করেন গাইবান্ধা বন্ধুসভার সভাপতি মেহেদী হাসান।

‘শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক–নিপীড়কের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ স্লোগানে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি।

অপরাধীদের সাজাকে দৃশ্যমান করার দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘নিষ্পাপ শিশু রামিসাকে বর্বরোচিত ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাই প্রকাশ্য দিবালোকে সাজার বাস্তবায়ন চাই। একটি ঘটনার বিচার বিলম্বিত হওয়ায় আরেকটি ঘটনা ঘটে চলেছে। প্রত্যেকটি ধর্ষণ ও হত্যার ঘটনার দ্রুত বিচার করতে হবে। ঈদের আগেই অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘নারী–শিশু নির্যাতন ও বলাৎকার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি এখন জাতীয় মহামারিতে পরিণত হয়েছে। এর দায় রাষ্ট্রকে নিতে হবে।’ সাক্ষীর অভাব ও আসামিদের জামিন পাওয়ার বিচারহীনতার সংস্কৃতির কারণেই এসব ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা বাড়ছে বলে মন্তব্য করেন তাঁরা।

সভাপতি, গাইবান্ধা বন্ধুসভা