আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ বন্ধুসভার সহযোগিতায় ২৬ জুন বিকেলে এই কর্মসূচির আয়োজন করেছে প্রথম আলো ট্রাস্ট।
মানববন্ধনে মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়। বক্তব্য দেন ঝিনাইদহ বন্ধুসভার উপদেষ্টা শাহিনুর আলম, হাবিবুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি আজাদ রহমান ও ঝিনাইদহ অঙ্কুর নাট্য একাডেমির সভাপতি নাজিমুদ্দিন জুলিয়াস। তাঁরা মাদকের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
বন্ধুসভার উপদেষ্টা আজাদ রহমান বলেন, ‘আপনার সন্তানদের সময় দিন, তাদের প্রতি খেয়াল রাখুন, যাতে তারা কোনোভাবেই মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে। পরিবার থেকেই মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে হবে, তাহলেই একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ বন্ধুসভার সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী সদস্যসহ অন্য সদস্যরা। এ সময় উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভাপতি, ঝিনাইদহ বন্ধুসভা