মুক্তিযুদ্ধ আমাদের জাতিসত্তার মূল ভিত্তি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গোবিপ্রবি বন্ধুসভার ভার্চ্যুয়াল আলোচনা সভা।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গোবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে গত ২৬ মার্চ এক ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সাধারণ সম্পাদক আল-আমিন শেখের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান। আলোচনার শুরুতেই তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের সব বীর শহীদ, সৈনিক, সেক্টর কমান্ডার এবং সেই নিরলস মানুষদের, যাঁদের ত্যাগ ও প্রেরণায় জাতি স্বাধীনতার পথে ধাবিত হয়েছিল।

অধ্যাপক হাবিবুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রতিটি যোদ্ধা, প্রতিটি সংগঠক ও প্রেরণাদাতা আমাদের জাতির অক্সিজেনের মতো। তাঁদের আত্মত্যাগ, নেতৃত্ব ও দেশগঠনের নিষ্ঠা আমাদের স্বাধীনতার মূল ভিত্তি।’ তিনি আরও বলেন, মার্চ মাস বাঙালির ইতিহাসে এক দিকনির্দেশনার মাস। ১৯৭১ সালের পয়লা মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিটি দিনই ছিল জাতির ভবিষ্যৎ নির্ধারণের সময়। এই মাসেই রচিত হয় স্বাধীনতার মহাকাব্য, যা বাঙালির অদম্য সাহস, আত্মত্যাগ ও ঐক্যের প্রতীক।

বন্ধুসভার সদস্যরা বলেন, মুক্তিযুদ্ধ আমাদের জাতিসত্তার মূল ভিত্তি এবং এই চেতনা ধারণ করাই আমাদের দায়িত্ব। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ঘিরে যেকোনো অপচেষ্টা বা ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন থাকা প্রয়োজন। একটি দায়িত্বশীল ও সচেতন নাগরিক সমাজ গড়ে তুলেই আমরা সেই ত্যাগের যথার্থ মর্যাদা দিতে পারি। এই আয়োজনের মধ্য দিয়ে সেই অঙ্গীকারই পুনর্ব্যক্ত করা হয়।

পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা