নোবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রে ‘গবেষণায় হাতেখড়ি’

নোবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

ড. রাগিব হাসানের ‘গবেষণায় হাতেখড়ি’ বই নিয়ে পাঠের আসর করেছে নোবিপ্রবি বন্ধুসভা। ১০ সেপ্টেম্বর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

বইটিতে গবেষণার মতো জটিল একটি বিষয়কে লেখক অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেছেন। কীভাবে গবেষণার বিষয় নির্বাচন করতে হয়, লিটারেচার রিভিউ করতে হয়, রিসার্চ পেপার পড়তে ও লিখতে হয়—এসব বিষয়ে রয়েছে প্রয়োজনীয় দিকনির্দেশনা। পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণার জন্য ফান্ডিংয়ের বিষয়টিও বইটিতে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

নোবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রের আসর।

পাঠচক্রে বইটির বিভিন্ন দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। বিশেষ করে গবেষণায় নতুনদের জন্য ‘গবেষণায় হাতেখড়ি’ বইটি কীভাবে একটি কার্যকর পথপ্রদর্শক হতে পারে, সে বিষয়েও আলোচনা করা হয়। জ্ঞানচর্চা, অনুসন্ধিৎসা ও গবেষণার প্রতি আগ্রহ তৈরিতে বইটির গুরুত্ব আলোচনায় উঠে আসে।

সাধারণ সম্পাদক সানজিদ মুনতাসীর বলেন, ‘বই পড়ার মাধ্যমে আমরা শুধু জ্ঞান অর্জন করি না, বরং নতুনভাবে চিন্তা করতে শিখি। গবেষণার প্রতি তরুণদের আগ্রহ তৈরি করতে এমন পাঠচক্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

বন্ধু ফারিহা হোসেন বলেন, ‘গবেষণায় হাতেখড়ি’ বইটি গবেষণার প্রাথমিক বিষয়গুলোকে সহজভাবে বুঝতে সাহায্য করেছে। পাঠচক্রের আলোচনার মাধ্যমে বইটির বিষয়গুলো আরও গভীরভাবে অনুধাবন করার সুযোগ হয়েছে।

সহসভাপতি, নোবিপ্রবি বন্ধুসভা