‘সব বিষয়ই ভালো, যদি তুমি ভালো হও’

ডুয়েট ক্যাম্পাসে জাতীয় গণিত কার্নিভ্যালে বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকছবি: প্রথম আলো

‘তোমরা যদি ম্যাথমেটিকস ভালোবাসো, ম্যাথমেটিকস করবে। কিন্তু তোমাদের এখন যে বয়স, সামনে দরজা খোলা। যদি কোনো একটা পরীক্ষায় খারাপ করো, মন খারাপ করবে না। সব সাবজেক্টই ভালো, যদি তুমি ভালো হও। আর যে সাবজেক্টে তোমার পড়তে ইচ্ছে করে সেটা পড়বে। মা–বাবা অবশ্য জুলুম করে। আমাদের জন্য একটা প্রধান যন্ত্রণা হচ্ছে মা–বাবার প্রত্যাশার চাপ। জিপিএ–৫ পেতেই হবে। আমরা জিপিএ–৫ পাব। আজকের দিনে ভালো রেজাল্টের দরকার আছে। তবে নিজের আগ্রহ, মেধা ও দক্ষতার বিকাশ আরও গুরুত্বপূর্ণ।’

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২৫ জুলাই অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের গণিতভিত্তিক আয়োজন ‘দ্য ন্যাশনাল ম্যাথমেটিকস কার্নিভ্যাল–২০২৬’–এ শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন কথাসাহিত্যিক, সাংবাদিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।

দ্য ন্যাশনাল ম্যাথমেটিকস কার্নিভ্যাল–২০২৬
ছবি: প্রথম আলো

ডুয়েটের গণিত বিভাগ ও ম্যাথ ক্লাবের যৌথ উদ্যোগে দিনব্যাপী চলে এ কার্নিভ্যাল। সহ–আয়োজক হিসেবে ছিল গাজীপুর বন্ধুসভা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক হাজারের বেশি শিক্ষার্থী এবং দুই শতাধিক শিক্ষক, গবেষক, শিক্ষাবিদ ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ কায়কোবাদ। তিনি বলেন, ‘সক্রেটিসের ভাষায়, নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করাই সবচেয়ে বড় দেশপ্রেম। শিক্ষার্থীদের সবচেয়ে বড় দায়িত্ব হলো সুশিক্ষা ও দক্ষতা অর্জন করা। এ জায়গায় আমাদের আরও অনেক দূর এগোতে হবে।’

দ্য ন্যাশনাল ম্যাথমেটিকস কার্নিভ্যাল–২০২৬
ছবি: প্রথম আলো

ডুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল বলেন, ‘যে জাতি গণিতে যত বেশি দক্ষ, সেই জাতি বিজ্ঞান ও প্রযুক্তিতে তত বেশি এগিয়ে থাকে। জাপান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরে স্কুলের নিম্নশ্রেণিতে যে মানের গণিত পড়ানো হয়, আমাদের দেশে তা অনেক পরে শেখানো হয়। আন্তর্জাতিক মানে পৌঁছাতে হলে গণিত শিক্ষার কারিকুলাম আরও সমৃদ্ধ করতে হবে।’

সকাল সোয়া ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কার্নিভ্যালের উদ্বোধন করেন ডুয়েটের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আরেফিন কাউছার। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক আবু নঈম শেখ, অধ্যাপক নাসরিন আক্তার এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিকুল ইসলামসহ অন্যরা।

দিনব্যাপী আয়োজনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়—এই তিন বিভাগে গণিত অলিম্পিয়াড, ম্যাথ গেম, গণিতবিষয়ক প্রবন্ধ রচনা, পোস্টার উপস্থাপনাসহ ছয়টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।