‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে ষষ্ঠ ও শেষ ধাপের বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করেছে দিনাজপুর বন্ধুসভা। এই ধাপে ২৯ জুলাই বিরল উপজেলার ১০ নম্বর রানীপুকুর ইউনিয়নের কাজীপাড়া উচ্চবিদ্যালয় থেকে শিবপুর গ্রাম পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের দুই পাশে কৃষ্ণচূড়া ও জারুলসহ মোট ১,৪০০টি গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচি বাস্তবায়নে বিরল উপজেলা প্রশাসন, কাজীপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন। এ ছাড়া গাছের জন্য গর্ত খনন, খুঁটি স্থাপনসহ বিভিন্ন কাজে স্থানীয় স্বেচ্ছাসেবকেরাও অংশ নেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে কাজীপাড়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আবু সাঈদ বলে, ‘গাছ আমাদের ছায়া দেয়, অক্সিজেন দেয়। বইয়ে পড়েছি গাছ মানুষের অনেক উপকার করে। তাই আমার গাছ লাগাতে খুব ভালো লাগে।’
স্থানীয় বাসিন্দা শামসুর আলম (৫৫) বলেন, ‘ফাঁকা রাস্তায় গাছ লাগানো খুবই ভালো উদ্যোগ। গাছ বড় হলে পথচারীরা ছায়ায় চলাচল করতে পারবে। এতে মানুষের অনেক উপকার হবে।’
শেষে এ আয়োজনে সহযোগিতা করায় উপজেলা প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান দিনাজপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র রায়। একই সঙ্গে তিনি রোপণ করা গাছগুলোর পরিচর্যার দায়িত্ব স্থানীয় জনগণের কাছে হস্তান্তর করে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
সাধারণ সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা