সুর, আবৃত্তি ও নৃত্যে মাগুরায় প্রথম আলোর ২৮ বছর উদ্‌যাপন

মাগুরায় প্রথম আলোর ২৮ বছর উদ্‌যাপনে নৃত্য পরিবেশনাছবি: প্রথম আলো

পাঠকের আস্থা আছে বলেই প্রথম আলোর কাছে প্রত্যাশাও বেশি। গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা ও বাংলাদেশের স্বার্থ রক্ষায় পত্রিকাটির আরও সক্রিয় ভূমিকা চান মাগুরার সুধীজনেরা। তাঁদের প্রত্যাশা, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোয় প্রথম আলো আরও বেশি প্রতিবেদন প্রকাশ করবে।

২৫ নভেম্বর সন্ধ্যায় মাগুরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব প্রত্যাশার কথা উঠে আসে। অনুষ্ঠানের আয়োজন করে মাগুরা বন্ধুসভা।

চিকিৎসক আলিমুজ্জামান বলেন, ‘পাঠক প্রথম আলোতে আস্থা রাখে বলে তাঁদের কাছে প্রত্যাশাও বেশি। গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা ও বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রথম আলোর আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করি। আমরা চাই, প্রথম আলো আরও বেশি বেশি জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশ করুক।’

প্রথম আলোর দীর্ঘ পথচলা ও নানা প্রতিকূলতার মধ্যেও অবস্থান ধরে রাখার বিষয়টি উঠে আসে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের বক্তব্যে। ১৯৯৮ সালে পত্রিকাটির প্রথম প্রকাশের দিন থেকেই তিনি নিয়মিত পাঠক। তিনি বলেন, শত প্রতিকূলতা ও সংকটের মধ্যেও প্রথম আলো তার দর্শন, চিন্তা-চেতনা ও ভাবনায় অটল থেকে এগিয়ে যাচ্ছে। ‘যা কিছু ভালো তার সাথে প্রথম আলো’-স্লোগানটির মধ্যেই পত্রিকাটির দর্শন ফুটে ওঠে।

প্রায় ৫০ বছর ধরে পত্রিকা পড়ছেন শিক্ষক ও সাংবাদিক শরীফ তেহরান। এর মধ্যে ২৮ বছর ধরে প্রথম আলোর পাঠক তিনি। প্রথম আলোর সাংবাদিকতার প্রশংসা করে তিনি বলেন, প্রথম আলো নিয়ে সমালোচনা করার কিছু নেই, বলারও কিছু নেই। কারণ প্রতিদ্বন্দ্বী কেউ থাকলে হয়তো সমালোচনাটা সহজ হতো; যেহেতু প্রতিদ্বন্দ্বী নেই, সে কারণে সমালোচনা করতে পারছি না। তবে সব মিলিয়ে অসাধারণ।

আলোচনার এক পর্যায়ে উঠে আসে মাগুরার নবগঙ্গা নদীর প্রসঙ্গ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নদীটির দখল ও দূষণ নিয়ে প্রথম আলো বন্ধুসভার নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় অনুষ্ঠানে। তথ্যচিত্রে নদীর বর্তমান দুরবস্থা, দখল ও দূষণের চিত্র দেখে অতিথিরা উদ্বেগ প্রকাশ করেন।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

শরীফ তেহরান বলেন, দেশের রাজনৈতিক দুর্বৃত্তায়নের যে প্রতিফলন দেখা যায়, নদী দখলের পেছনেও সেই রাজনীতি ও রাজনৈতিক প্রভাব কাজ করছে।

বাসদ ও গণকমিটি মাগুরা জেলা শাখার নেত্রী শম্পা বসু বলেন, হাইকোর্টের রায়ে নদীকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নবগঙ্গা নদীতে ৮০ জন দখলদারের নাম পাওয়া গেলেও তাঁদের নাম প্রকাশ বা আইনের আওতায় আনা হয়নি বলে অভিযোগ করেন তিনি। নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

শম্পা বসু বলেন, নবগঙ্গা নদী নিয়ে তথ্যচিত্র নির্মাণের উদ্যোগ প্রশংসনীয়। এ বিষয়ে প্রথম আলোর ধারাবাহিক প্রতিবেদন ও কার্যক্রম প্রত্যাশা করেন তিনি।

রাজনীতিবিদ আহসান হাবীব কিশোর আয়োজনটিকে চমৎকার মুক্ত আলোচনা সভা হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, প্রতিটি প্রতিষ্ঠানের মতো প্রথম আলোরও নিজস্ব প্রকাশনা নীতিমালা ও রাজনৈতিক দর্শন রয়েছে। সবকিছু ছাপিয়ে তারা যেন বাংলাদেশকে এগিয়ে নিতে আরও সক্রিয় ভূমিকা পালন করে, সেটা প্রত্যাশা করি।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, খেলোয়াড় ও ব্যবসায়ীরা অংশ নেন। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর মাগুরা প্রতিনিধি কাজী আশিক রহমান।

আলোচনার পাশাপাশি ছিল সাংস্কৃতিক আয়োজন। মাগুরাকে নিয়ে কবিতা আবৃত্তি করেন আইনজীবী মাহবুবুল আকবর। নৃত্য পরিবেশন করেন প্রিয়সি সরকার। বন্ধুসভার সদস্যরাও কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠানের একপর্যায়ে প্রথম আলোর পক্ষ থেকে মাগুরা শহরের সাতজন পত্রিকা বিক্রেতাকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আলফাজ উদ্দিন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু সাঈদ মোল্লা, রাজনীতিবিদ এ টি এম মহব্বত, সাংবাদিক সাইদুর রহমান, আইনজীবী ওয়াসিকুর রহমান এবং ছাত্রনেতা শফিকুল ইসলাম ও আবদুল্লাহ আল মামুন।