চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পাঠচক্রে মহাকাব্য ‘ইনিড’
লাতিন কবি ভার্জিল রচিত মহাকাব্য ‘ইনিড’ নিয়ে পাঠচক্র করে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। গত ২৬ জানুয়ারি বিকেলে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে বইটি নিয়ে আলোচনা করেন সাংস্কৃতিক সম্পাদক আনিফ রুবেদ। তিনি ভার্জিল রচিত এই মহাকাব্যের ঐতিহাসিক প্রেক্ষাপট, সাহিত্যিক বৈশিষ্ট্য ও দার্শনিক তাৎপর্য নিয়ে আলোচনা করেন। আলোচনায় উঠে আসে—ট্রয় যুদ্ধ-পরবর্তী সময়কে পটভূমি করে রচিত এই মহাকাব্যে বীর ইনিডের (এনিয়াস) দীর্ঘ ও কষ্টসাধ্য যাত্রার কাহিনি, যার মধ্য দিয়ে ভবিষ্যৎ রোমান সভ্যতার ভিত্তি স্থাপিত হয়েছে। এ ছাড়া গ্রিক মহাকাব্য ‘ইলিয়াড’ ও ‘ওডিসি’ থেকে অনুপ্রাণিত হলেও ‘ইনিড’ স্বতন্ত্রভাবে রোমান জাতির আদর্শ, নৈতিকতা ও রাষ্ট্রচিন্তার প্রতীক হয়ে উঠেছে।
পাঠচক্রে মহাকাব্যের কেন্দ্রীয় আদর্শ কর্তব্যবোধ—পরিবার, দেবতা ও জাতির প্রতি অবিচল দায়িত্ব পালনের বিষয়টি গুরুত্ব পায়। কার্থেজের রানি ডিডোর সঙ্গে প্রেম থাকা সত্ত্বেও ভবিষ্যৎ জাতির স্বার্থে ইনিডের ত্যাগের ঘটনাকে মহাকাব্যের অন্যতম হৃদয়স্পর্শী ও শিক্ষণীয় অধ্যায় হিসেবে তুলে ধরা হয়। পাশাপাশি নিয়তি ও মানব–ইচ্ছার দ্বন্দ্ব, যুদ্ধ ও বেদনার মধ্যেও লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার মানসিক শক্তির বিষয়টিও আলোচিত হয়।
পাঠচক্রে উপস্থিত ছিলেন সভাপতি মাসরুফা খাতুন, সাধারণ সম্পাদক রামিজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান ও সাবরিন আখতার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আরাফাত মিলেনিয়াম, দপ্তর সম্পাদক ফাহিম আসেফ, প্রচার সম্পাদক মানসুরা খাতুন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মরিয়ম মুক্তা, বন্ধু নয়ন আহমেদসহ অন্য সদস্যরা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা