বইমেলা থেকে বন্ধুর বই লাইভ ও সহমর্মিতার ঈদ নিয়ে সিদ্ধান্ত

জাতীয় পরিচালনা পর্ষদ ২০২৬–২৭–এর দ্বিতীয় কার্যনির্বাহী সভা।

নতুন কার্যনির্বাহী বছরের এরই মধ্যে দেড় মাস অতিবাহিত হয়ে গেছে। তবে বন্ধুরা থেমে নেই। বছরের শুরুর দিন থেকেই সারা দেশে একের পর এক ভালো কাজ করে যাচ্ছে। এদিকে চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। মাতৃভাষা নিয়ে বন্ধুরা নানা কর্মসূচি হাতে নিচ্ছেন। শুরু হয়েছে আত্মসংযমের মাস রমজান। সব বন্ধুসভাই প্রস্তুতি নিচ্ছে সহমর্মিতার ঈদ কর্মসূচি বাস্তবায়নের।

১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ২০২৬–২৭–এর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় এসব বিষয় নিয়ে আলোচনা এবং বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বইমেলা থেকে বন্ধুর বই লাইভ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন, বইমেলা আয়োজন এবং ষষ্ঠ জাতীয় বন্ধু সমাবেশের স্মারণিকা প্রকাশের অগ্রগতি নিয়ে।

সভার সঞ্চালনা ও শুরুতেই আলোচ্য বিষয় তুলে ধরেন জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি। এরপর একে একে আলোচ্য বিষয় নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন উপস্থিত সম্পাদকেরা।

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। বিগত দুই বছরের সাফল্যের ধারাবাহিকতায় এ বছর অনুষ্ঠিত হচ্ছে ‘বইমেলা থেকে বন্ধুর বই লাইভ’–এর তৃতীয় মৌসুম। এ বিষয়ে কথা বলেন সভাপতি জাফর সাদিক। সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বইমেলা ও ম্যাগাজিন সম্পাদক সৌমেন্দ্র গোস্বামী। সহযোগিতায় থাকবে ঢাকা মহানগর বন্ধুসভা।

শিগগিরই শুরু হচ্ছে সহমর্মিতার ঈদ কার্যক্রম। প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও সারা দেশের সব বন্ধুসভা এ কর্মসূচি বাস্তবায়ন করবে। বন্ধুদের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া শিশুদের নিকট নতুন জামা এবং তাদের পরিবারের কাছে ইফতারসামগ্রী ও ঈদের খাদ্যসামগ্রী পৌঁছে যাবে। এ বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনামূলক কথা বলেন নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক, সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজ, নূর–ই আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা বুশরা ও সামছুদ্দোহা সাফায়েতসহ অন্য সম্পাদকেরা। এ বছর সারা দেশে সহমর্মিতার ঈদ কর্মসূচির মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আশফাকুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পর্ষদের উপদেষ্টা আশিকুজ্জামান অভি, অর্থ সম্পাদক শাকিব হাসান, দপ্তর সম্পাদক আলাদিন আল আসাদ, বিতর্ক ও অনুষ্ঠান সম্পাদক কামরুল ইসলাম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ডা. কাভী সিকান্দার আলম, প্রশিক্ষণ সম্পাদক ফারহান সাকিব, তথ্য ও যোগাযোগ সম্পাদক মাহফুজার রহমান, কার্যনির্বাহী সদস্য তাপসী রায়, নাঈমা সুলতানা ও আবরার জাহিন এবং ঢাকা মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক অনিক সরকার।