নোয়াখালীতে শিশুশিক্ষার্থীদের মধ্যে বন্ধুসভার বই উপহার
‘একটি বর্ণ, একটি স্বপ্ন’ শিরোনামে শিশুশিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় ধাপে বই বিতরণ করেছে নোয়াখালী বন্ধুসভা। ৮ ফেব্রুয়ারি বেলা ১১টায় নোয়াখালীর নোয়াজপুর ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এগুলো বিতরণ করা হয়।
স্থানীয় সংগঠন টিম অব ভলান্টিয়ারের সহযোগিতায় বিতরণ করা বইগুলোর মধ্যে ছিল শিশুদের প্রাথমিক জ্ঞানবিকাশে সহায়ক নানা বই। রঙিন ও আকর্ষণীয় এসব বই পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা দারুণ খুশি হয়। এক অভিভাবক বলেন, ‘আমার বাচ্চার চোখে এমন আনন্দ অনেক দিন দেখিনি। বইগুলো পেয়ে সে অনেক খুশি।’
নোয়াজপুর ইউনিয়ন বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক কুমার পাল বলেন, ‘এই বইগুলো শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করবে এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়াবে।’
নোয়াজপুর ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াসউদ্দিন বলেন, ‘শহর থেকে দূরে এসে তোমাদের এমন সুন্দর আয়োজন সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ গ্রামের শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। নোয়াখালী বন্ধুসভা ও টিম অব ভলান্টিয়ারের প্রতি কৃতজ্ঞতা।’
এর আগে ‘একটি বর্ণ, একটি স্বপ্ন’ শিরোনামে ১৩ জানুয়ারি প্রথম ধাপে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই উপহার দেওয়া হয়।
সভাপতি, নোয়াখালী বন্ধুসভা