গৃহপরিচারিকার কাজ করেন ৭০ বছর বয়সী হেনা বেগম। বয়সের ভারে অনেকটা নুয়ে পড়েছেন। তবু তাঁর বৃদ্ধ স্বামী, নাতি ও এক ভারসাম্যহীন মেয়ের ভরণপোষণের দায়দায়িত্ব এখনো তাঁর কাঁধে। আট বছরের নাতি মারিয়া আক্তারকে সঙ্গে নিয়ে এসেছেন মাদারীপুর বন্ধুসভার ‘সহমর্মিতার ঈদ’ অনুষ্ঠানে। নাতির জন্য নতুন জামা আর ঈদের খাদ্যসামগ্রী পেয়ে আনন্দে আত্মহারা হেনা বেগম। বলেন, ‘নাতিডার গায়ে নতুন জামাটা সুন্দর মানাইছে। ঠিকমতো লাগছে। ওর মুখে হাসি দেইখ্যা পরানডা জুরাইয়া গেছে। সাথে ব্যাগভরা খাবার পাইয়া খুশি হইছি, মেলা খুশি হইছি।’
শুধু মারিয়া একা নয়, তার মতো আরও ৪০ শিশুকে নতুন জামা পরিয়ে দিয়েছেন বন্ধুসভার সদস্যরা। ১৮ মার্চ সকালে শহরের লেকপাড় স্বাধীনতা অঙ্গনে প্রতিবছরের মতো এবারও সহমর্মিতার ঈদের এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ঈদে নতুন জামা পেয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা। এ ছাড়া নিম্ন আয়ের ১৩টি পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।
লাল রঙের একটি নতুন জামা উপহার পেয়েছে জান্নাতি আক্তার (১০)। হাসিমুখে সে বলে, ‘এবার ঈদে নতুন জামা ফিনবার (পরতে পারা) পারব। অনেক মজা হইবে। আমার অনেক ভাল্লাগছে।’
ঈদ উপহার পেয়েছে জান্নাত আরা (৬)। মেয়ের হাতে নতুন জামা দেখতে পেয়ে খুশি তাঁর মা রাবেয়া খাতুন বলেন, ‘এ বছর সবকিছুর দাম বেশি। জান্নাতের বাবা বাজারই ঠিকমতো করতে পারে না। মাইয়ারে নতুন জামা কিনে দেওয়ার অবস্থা আমাগো নাই। আম্মেগো দেওয়া নতুন জামা পেয়ে মাইয়াডা আমার খুশি হইছি।’
খাদ্যসামগ্রী পেয়ে খুশি আকলিমা বেগম বলেন, ‘বাজারে সবকিছুর অনেক দাম। ঈদের বাজার করার সামর্থ্য আমাগো নাই। চিনিগুঁড়া চাল, ডাল, তেল, সেমাই, গুঁড়াদুধ, আলু, পেয়াজ, মশলাসহ অনেক কিছু দিছেন। যা দিয়া আমাগো ঈদ পার হইয়া যাইবে।’
এ প্রসঙ্গে মাদারীপুর বন্ধুসভার সভাপতি আঞ্জুমান জুলিয়া বলেন, ‘প্রতিবছর আমরা খুব আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে অনুষ্ঠানটি করি। বাজার ঘুরে কেনাকাটা করি। আমাদের একটু প্রচেষ্টায় যদি কারও মুখে হাসি ফোটে। ঈদের দিন পর্যন্ত বন্ধুসভার পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াব। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারাটাই আমাদের একমাত্র লক্ষ্য।’
বন্ধুসভার সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা ডা. গোলাম সরোয়ার, ডা. অখিল সরকার, সোহেল রানা, এনায়েত হোসেন, অধ্যাপক মকবুল হোসেন, বন্ধুসভার সহসভাপতি শাহাদাত আকন, সহসাংগঠনিক সম্পাদক পপি আক্তার, অর্থ সম্পাদক আন্না আক্তার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামরুল হাসান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক দিয়া ইসলাম, সদস্য ইরান শিকদার প্রমুখ।