বাংলা সাহিত্য ও চলচ্চিত্রে এক অমর নাম জহির রায়হান। তাঁর নির্মিত চলচ্চিত্র ও সাহিত্যকর্মে ফুটে উঠেছে বাঙালির রাজনৈতিক চেতনা, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন। পেশায় একজন সাংবাদিক হলেও তাঁর হাত ধরেই আধুনিক ধারায় বাংলাদেশে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মিত হয়। পাশাপাশি সাহিত্যকর্মে তাঁর বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে হাজার বছর ধরে, আরেক ফাল্গুন।
ভাষার মাস ফেব্রুয়ারিতে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে তুলে ধরতে জহির রায়হান রচিত ছোটগল্প একুশের গল্প নিয়ে পাঠচক্রের আসর করেছে সিলেট বন্ধুসভা। ২০ ফেব্রুয়ারি প্রথম আলো সিলেট অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
বন্ধু প্রাণেশ দাস বলেন, ‘গল্পটি যেকোনো পাঠকের অন্তরে দাগ কেটে যায়। ভাষা আন্দোলনের এমন অনেক তপু আমাদের মাঝে বেঁচে রইবেন গল্পের চরিত্র হয়ে।’
বন্ধু প্রত্যাশা তালুকদার বলেন, ‘জহির রায়হান ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তথ্যকে যেমন তুলে ধরেছেন, তেমনি ফুটিয়ে তুলেছেন একুশের সম্ভাবনা ও আবেগকে।’
পাঠের আসরে আরও উপস্থিত ছিলেন বন্ধু দেব রায় সৌমেন, শেখ ফয়সাল আহমেদ, অনুপমা দাস, প্রণব চৌধুরী, গায়েত্রী বর্মণ, সৌম্য মণ্ডল, কৃত্য ছত্রীসহ অন্য বন্ধুরা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, সিলেট বন্ধুসভা