নানা প্রতিযোগিতা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কক্সবাজারের চকরিয়ায় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। ১৮ নভেম্বর দুপুরে চকরিয়া কিডস কেয়ার ইন্টারন্যাশনাল স্কুলে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চকরিয়া বন্ধুসভা আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও নানা ক্ষেত্রে অবদান রাখা মোট ২০ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করেন বন্ধুসভার বন্ধুরা।
সাধারণ সম্পাদক আরমান রাফির সঞ্চালনায় আয়োজনে কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, একক নৃত্য, দলীয় নৃত্য ও চিত্রাঙ্কন—এই পাঁচ ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা বিগত দিনগুলোতে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন এনেছে। আজকের এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের এত বড় জমায়েত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে তারুণ্যের শক্তি সঠিক পথেই রয়েছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর চকরিয়া-পেকুয়া প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা এস এম হানিফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বন্ধুসভার উপদেষ্টা কমর উদ্দিন আরমান, তূর্ণা নিশিতা বড়ুয়া, আজিজুল হক, নারায়ণ দাশ ও নেপাল দে। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন কিডস কেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের সমন্বয়ক আপন শর্মা ও নাসরিন পারভীন।
অনুষ্ঠানে চকরিয়া বন্ধুসভার সভাপতি আবু তৈয়ব, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রানা, সাংস্কৃতিক সম্পাদক চয়ন চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সৌরভ শর্মা, মাররাবুচ ইফতেখার, জিতান বসাক, শংকর দাশ, সাইদুজ্জামান বাপ্পিসহ বন্ধুসভার সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক, চকরিয়া বন্ধুসভা