রাঙ্গুনিয়া বন্ধুসভার ‘বন্ধু ইফতার’

ইছামতী নদীর দক্ষিণ পাড়ে রাঙ্গুনিয়া বন্ধুসভার ইফতারছবি: বন্ধুসভা

মেঘলা আকাশ আর ইছামতী নদীর কলকল ধ্বনিতে মুখর এক স্নিগ্ধ বিকেলে সম্পন্ন হলো রাঙ্গুনিয়া বন্ধুসভার ‘বন্ধু ইফতার’। ১৪ মার্চ বিকেলে রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী রোয়াজারহাট–সংলগ্ন ইছামতী নদীর দক্ষিণ পাড়ে এটি অনুষ্ঠিত হয়।

বিকেলের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। নদীর বুক চিরে বয়ে আসা হিমেল বাতাস আর বৃষ্টির পূর্বাভাস দেওয়া গুমোট আবহাওয়ার মধ্যে বন্ধুরা নদীর পাড়ে ত্রিপল বিছিয়ে বসে পড়েন। একদিকে ইছামতীর বয়ে চলার চিরচেনা সুর, অন্যদিকে বন্ধুদের ইফতার আয়োজন, সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশের সৃষ্টি হয়।

উপস্থিত বন্ধুরা পবিত্র মাহে রমজানের প্রকৃত শিক্ষা নিয়েও আলোচনা করেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ইমরানুল হক বলেন, ‘রমজান আমাদের ধৈর্য, সংযম এবং পারস্পরিক সহমর্মিতা শেখায়।’

সভাপতি মোরশেদ আলম বলেন, ‘এই ইফতার কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং ত্যাগের মহিমায় একে অপরের বিপদে পাশে দাঁড়ানোর অঙ্গীকার নবায়নের একটি মাধ্যম। সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং নিজেদের আত্মশুদ্ধির মাধ্যমেই রমজানের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব।’

আলোচনা শেষে উপদেষ্টা জাহেদুর রহমান মোনাজাতে দেশ ও দশের মঙ্গল কামনার পাশাপাশি বন্ধুত্বের অটুট বন্ধন বজায় রাখার প্রার্থনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা কৃষিবিদ সঞ্জীব সুশীল, সাধারণ সম্পাদক সুজন কান্তি দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মোস্তফা, বন্ধু আপন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সেতুল মির্জা, সহসাংগঠনিক সম্পাদক কবি শাহী মোহাম্মদ ইলিয়াছ, কার্যনির্বাহী সদস্য বেলাল হোসেন, তামজীদ, নুরুল কবির, সোহাগ হোসেন ও সালমান আলী প্রমুখ।

সভাপতি, রাঙ্গুনিয়া বন্ধুসভা