জামালপুর বন্ধুসভার পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা

জামালপুর বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

বইয়ের পাতায় লুকিয়ে থাকা শব্দের আলোয় নতুন প্রজন্মকে বিকশিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল জামালপুর বন্ধুসভার এ বছরের ২৬তম পাঠচক্র ও বিশেষ কুইজ প্রতিযোগিতা। ৯ অক্টোবর বিকেলে শারদীয় আবহে অনুষ্ঠিত এই সাহিত্যসভায় ছিল পাঠানুরাগী তরুণ-তরুণীদের উচ্ছ্বাস।

আশেক মাহমুদ কলেজের সবুজ ছায়ায় ঘেরা ‘আমতলা’ প্রাঙ্গণে বইপ্রেমীদের উপস্থিতিতে এই পাঠচক্রের সূচনা ঘটে। আলোচনা করা হয় বহুমাত্রিক সাহিত্যিক ও বহুভাষাবিদ সৈয়দ মুজতবা আলীর কালজয়ী উপন্যাস ‘শবনম’। পারস্য সংস্কৃতি, আফগানিস্তানের কাবুলের নৈসর্গিক রূপ-রস-গন্ধ এবং বিরহঘেঁষা এক অনন্য প্রেমের আখ্যান নিয়ে রচিত এই গ্রন্থ।

মূল আলোচক হিসেবে ছিলেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নুসরাত শৈলী ও বন্ধু আরিফুল ইসলাম। তাঁরা সৈয়দ মুজতবা আলীর লেখনশৈলী ও উপন্যাসের নানা বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেন। নুসরাত শৈলী বলেন, ‘শবনম কেবল এক বিরহঘেঁষা রোমান্টিক আখ্যান নয়, বরং এটি গভীর প্রেম, প্রজ্ঞা ও আত্মমর্যাদার এক অনন্য দলিল। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ‘শবনম’-এর মধ্য দিয়ে লেখক নারী মনস্তত্ত্ব ও ভালোবাসার স্বাধীনতাকে অত্যন্ত সূক্ষ্ম ও সংবেদনশীলভাবে ফুটিয়ে তুলেছেন। শবনমের প্রতিটি বাক্য ও চিঠি পাঠকদের এক গভীর দর্শনের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। তরুণদের মননশীলতা ও সাহিত্যবোধ বিকাশে এ ধরনের কালজয়ী বই পাঠের কোনো বিকল্প নেই।’

পাঠচক্র শেষে জামালপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বন্ধু আরিফুল ইসলাম উপন্যাসের প্রেক্ষাপট ও শৈল্পিক দিক তুলে ধরে বলেন, ‘সৈয়দ মুজতবা আলীর সৃষ্টিশৈলী সাধারণ বাংলা উপন্যাস থেকে সম্পূর্ণ আলাদা। “শবনম” উপন্যাসে তিনি কেবল মজনু ও শবনমের রূপকথাতুল্য প্রেমের গল্পই বর্ণনা করেননি, বরং কাবুলের মনোরম পটভূমির সঙ্গে ফারসি কবিতা ও প্রাচ্য সংস্কৃতির যে অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছেন, তা বাংলা সাহিত্যে সত্যিই বিরল।’

দুই মূল আলোচকের চমৎকার বিশ্লেষণের পর উন্মুক্ত আড্ডায় উপস্থিত অন্য বন্ধুরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাঁরা বইটির বিভিন্ন অংশ, স্মরণীয় সংলাপ এবং উপন্যাসটি পড়ার পর তাঁদের নিজস্ব অনুভূতি ও অভিজ্ঞতা ভাগাভাগি করেন।

সাহিত্য আলোচনা শেষে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। ‘শবনম’ উপন্যাস ও অনুষ্ঠিত পাঠচক্রের গুরুত্বপূর্ণ তথ্যাবলির ওপর ভিত্তি করে প্রশ্নমালা সাজানো হয়। উপস্থিত বন্ধুদের মেধা ও তীক্ষ্ণ স্মৃতিশক্তির তুমুল লড়াইয়ে চমৎকার পারফরম্যান্স দেখিয়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন বন্ধু হৃদয়।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, সহসাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জোবায়ের আহমদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মিফতাহুল জান্নাত, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শামীম হাসান, বন্ধু মহসিন হাসান, বন্ধু জিদান, সাব্বির, আরিফুল ইসলাম, মেহেদী, আরিফ হাসান, শাফায়েত জামিল, ম্যাশ চৌধুরী, বিপু চৌধুরী ও আবিরা চৌধুরীসহ অন্য বন্ধুরা।

সহসাংগঠনিক সম্পাদক, জামালপুর বন্ধুসভা